কিলিয়ান এমবাপ্পেকে ধরে রাখতে ১০ বছর মেয়াদি ১০০ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছে পিএসজি। খবর ডিফেন্সা সেন্ট্রালের।
তাদের দাবি, এই প্রস্তাব মেনে নিলে এমবাপ্পে পিএসজিতেই থাকবেন। ক্লাবটির প্রস্তাবিত এই চুক্তিটা অনেকটা আজীবনের মতোই। কারণ একজন ফুটবলারের প্রাইম টাইম ধরা হয়ে ৩০ বছর বয়স পর্যন্ত। আর এই প্রস্তাবটি যদি এমবাপ্পে মেনে নেন, তাহলে এটি হবে ফুটবল ইতিহাসের সবচেয়ে আকর্ষণীয় চুক্তি।
.png)
গত মৌসুম শেষে একে একে পিএসজি ছেড়েছেন রামোস, মেসিরা। গুঞ্জন আছে নেইমার ও এমবাপ্পেকে নিয়েও। তবে ইউরোপে নিজেদের শক্তিমত্তা বজায় রাখতে এমবাপ্পেকে ধরে রাখার চেষ্টা করছে পিএসজি।
যদিও এমবাপ্পে জানিয়ে দিয়েছেন, ফরাসি ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলে নতুন করে আর চুক্তি করবেন না তিনি। তবে তাকে ফ্রিতে ছাড়তে নারাজ পিএসজি কর্তৃপক্ষ। শোনা যাচ্ছে, চলতি গ্রীষ্মকালীন দলবদলেই তাকে বিক্রি করে দিতে চায় পিএসজি।
এইসব গুঞ্জনের মধ্যেই পিএসজির অনুশীলনে যোগ দিয়েছেন এমবাপ্পে। ক্লাব ছাড়ার গুঞ্জনে পানি ঢেলে নিজের ভাই ইথান এমবাপ্পের সঙ্গে বৃহস্পতিবার (২০ জুলাই) অনুশীলন করেছেন বিশ্বকাপজয়ী এই তারকা।