অবশ্য এখন পর্যন্ত আইসিসি থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে ভারতীয় বেশকিছু গণমাধ্যমের খবর, হারমানপ্রীতকে চারটি ডিমেরিটস পয়েন্ট দেয়ার পাশাপাশি ৭৫ শতাংশ ম্যাচ ফি কেটে নেয়া হবে।
শনিবার (২২ জুলাই) মিরপুরে সফরের শেষ ম্যাচে মুখোমুখি হয় ভারত ও বাংলাদেশ। ওই ম্যাচে আউট হওয়ার পর আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্টি প্রকাশ করেন হারমানপ্রীত। শুধু তাই নয়, ব্যাট দিয়ে স্ট্যাম্পও ভাঙেন ভারতীয় কাপ্তান।
.png)
সেখানেও থামেননি হারমানপ্রীত। রোমাঞ্চকর লড়াইয়ে শেষ ম্যাচটি টাই করে বাংলাদেশ দল। ফলে সিরিজটাও ১-১ এ ড্র হওয়ায় ট্রফি ভাগাভাগি করতে হয় দুই দলকে। কিন্তু খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বাংলাদেশ নারী দল ও আম্পায়ারদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন।
এরই শাস্তি হিসেবে ভারতীয় নারী দলের অধিনায়ককে চারটি ডিমেরিটস পয়েন্ট দেয়ার পাশাপাশি ম্যাচ ফি’র ৭৫ শতাংশ কেটে নেয়ার নির্দেশ দেন ম্যাচ রেফারি আকতার আহমেদ শিপার। চারটি ডিমেরিটস পয়েন্টের কারণে ভারতীয় নারী দলের অধিনায়ক অন্তত দুই ম্যাচ নিষিদ্ধ হতে যাচ্ছেন।
আইসিসির নিয়ম অনুযায়ী, চারটি ডিমেরিটস পয়েন্টকে দুটি সাসপেনশন পয়েন্ট হিসাবে গণনা করা হয়। দুটি সাসপেনশন পয়েন্টে একটি টেস্ট এবং দুটি টি-২০ বা দুটি ওয়ানডের সমান। তাই ভারতের পরের দুটি ম্যাচে নিষিদ্ধ হতে যাচ্ছেন হারমানপ্রীত। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।