ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বদলে গেল বার্সেলোনার জার্সি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:০১, ২৬ জুলাই ২০২৩
বদলে গেল বার্সেলোনার জার্সি
ছবি- সংগৃহীত

প্রাক-মৌসুমের প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্রে রয়েছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। সেখানে জুভেন্টাসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচই বাতিল করতে হয়েছিল কাতালানদের। কেননা দলের অধিকাংশ খেলোয়াড়রাই অসুস্থ ছিলেন।

বুধবার লস অ্যাঞ্জেলসে ইংলিশ ক্লাব আর্সেনালের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। যেখানে সাদা পোশাকে দেখা যাবে জাভির শিষ্যরা। মূলত ৪৪ বছরের ইতিহাসে এবারই প্রথম সাদা পোশাকে মাঠে নামতে যাচ্ছে স্প্যানিশ জায়ান্টরা।

মূলত সাদা রঙের জার্সি বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদের আইকনিক পোশাক। তবে কাতালান ক্লাবটির কিংবদন্তি তারকা ইয়ুহান ক্রুইফের প্রতি সম্মানার্থে বার্সা ফুটবলাররা এই রঙের জার্সি পরিধান করবে।

Advertisement

এক বিবৃতিতে বর্তমান স্প্যানিশ চ্যাম্পিয়নরা জানিয়েছে, ‘১৯৭০ সালে ক্লাবের দ্বিতীয় কিটের সঙ্গে মিল রেখে এই জার্সি বানানো হয়েছে। যেখানে সাদা রঙের আধিপত্য এবং হাতায় লাল-নীলের মিশ্রণে স্ট্রাইপ রয়েছে। এমন জার্সি বেছে নেয়ার পেছনে কাজ করেছে কিংবদন্তি ব্যক্তিত্ব ক্রুইফের অনুপ্রেরণা।’

তারা আরো জানিয়েছে, ‘এছাড়া পোলিনো আলকানতারা, জোসেপ স্যামিটিয়ার, চেজার রদ্রিগেজ, লাজলো কুবালাদের মতো ফুটবলাররাও ১৯২০-৭০ সময়কালে সাদা জার্সি গায়ে জড়িয়েছিলেন।’

এর আগে ১৯৭৯ সালে ইউরোপীয় কাপ টুর্নামেন্টে সবশেষ সাদা রঙের জার্সি পরে মাঠে নেমেছিল বার্সেলোনা। তবে সাদার সঙ্গে এবার নতুন করে দুই রঙের স্ট্রাইপ যোগ করেছে তারা। রিয়ালের সঙ্গে অমিল রাখতে তারা এটি বেছে নিয়েছে। গত মৌসুমে নতুন করে ধুসর রঙের কিট এনেছিল কাতালানরা, তার সঙ্গে এবার সাদা জার্সি যুক্ত হলো।

এ নিয়ে ক্লাবটির সভাপতি হুয়ান লাপোর্তা বলছেন, ‘এটি সম্পূর্ণ সাদা নয়। এর স্লিভে নীল-লাল রঙ সংযুক্তি রয়েছে এবং একইসঙ্গে এতে যুক্ত রয়েছে ক্লাবের শুরুর দিকে খেলা ক্রুইফের স্মৃতি। নাইকি সেটি বেশ সচেতনভাবে পর্যবেক্ষণ করেছে। রঙটি বাছাইয়ের পরই সে অনুসারে কিট বানানোর সিদ্ধান্ত নেওয়া হয় এবং আমরা বিশ্বাস করি সাদা কারও পৈত্রিক সম্পত্তি নয়। এটি ‘‘বার্সা হোয়াইট’’।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!