ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

তাসকিনের ‘বানি’ গুরবাজ!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৪০, ২৭ জুলাই ২০২৩
তাসকিনের ‘বানি’ গুরবাজ!
ছবি- সংগৃহীত

ক্রিকেটের ইতিহাসে একই বোলারের কাছে বারবার উইকেট বিলিয়ে দেওয়ার ঘটনা নতুন কিছু নয়। নানা সময়েই এ চিত্র দেখা গেছে। এবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে চলেছেন তাসকিন আহমেদ।

সবশেষ ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলেছে আফগানিস্তান। যেখানে আফগান ব্যাটার গুরবাজকে বারবার আউট করেন তাসকিন। এরপর ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেও গুরবাজকে ড্রেসিংরুমের পথ দেখিয়েছেন টাইগারদের স্পিডস্টার।

শেষ ১৬ দিনে রহমানউল্লাহ গুরবাজকে ৫ বার আউট করেছেন তাসকিন। একই বোলারের হাতে বারবার আউট হলে তাকে ‘বানি’ নামে ডাকার প্রচলন রয়েছে। যার নতুন সংযোজন হয়তো গুরবাজ। 

Advertisement

বাংলাদেশের বিপক্ষে টি-২০, ওয়ানডে আর সবশেষ জিম আফ্রো টি-১০ লিগ সব ফরম্যাটেই তাসকিনের বলে কাটা পড়েছেন গুরবাজ। সবশেষ জিম আফ্রো টি-১০ টুর্নামেন্টে দুবার আউট হয়েছেন তিনি। বাকি তিনবার আউট হয়েছেন বাংলাদেশ-আফগানিস্তান সিরিজে।  

নিজের বোলিং বৈচিত্র্য দিয়েই গুরবাজকে বারবার বিভ্রান্ত করেছেন তাসকিন। কখনো  অফ স্টাম্পের বাইরে বল করে সফল ছিলেন। আবার কখনোবা স্লোয়ার কিংবা বাউন্সারে গুরবাজকে কাবু করেছেন তিনি। অবশ্য বোলারদের হাতে এমন বানি হবার রেকর্ডে অবশ্য এখনো অনেকখানি পিছিয়ে আছেন তাসকিন এবং গুরবাজ। 

গ্লেন ম্যাকগ্রার হাতে ১৯ বার আউট হয়ে বানি তালিকার শীর্ষে আছেন কিংবদন্তি ইংলিশ ব্যাটার মাইক আথারটন। দ্বিতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার আর্থার মরিস। ইংলিশ বোলার অ্যালেক বেডসারের বলে ১৮ বার আউট হয়েছেন তিনি। তৃতীয় অবস্থানে আছেন স্টুয়ার্ট ব্রডের বলে ১৭ বার আউট হওয়া ডেভিড ওয়ার্নার। 

তাসকিন এবং ওয়ার্নারের ক্যারিয়ার এখনো কেবল মধ্যগগণে। এশিয়া কাপ আর বিশ্বকাপেও দুইজনের আবার মুখোমুখি হবার সম্ভাবনা আছে। তাসকিন যদি সত্যিই গুরবাজকে বানি করতে চান, তবে সেটার সুযোগও দ্রুতই পাচ্ছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!