ইনজেকশন নিয়েছেন তামিম
তামিম ইকবালের পিঠের চোট অনেক পুরোনো। সেটি মাঝে মধ্যেই ফিরে আসে। এতে অস্বস্তিতে পরে নিজেকে হারিয়ে খোঁজেন টাইগারদের ওয়ানডে দলের অধিনায়ক।
দীর্ঘদিন ধরে নানা চিকিৎসা নিলেও তাতে কাজ হচ্ছিল না তামিমের। ফলে এবার স্থায়ী সমাধান পেতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কিন্তু আপাতত সেই পথে হাঁটছেন না টাইগার দলপতি।
দেশের গণমাধ্যমের খবর, শিগগিরই মাঠে ফিরতে অস্ত্রোপচার নয়, বরং ইনজেকশন নিয়েছেন তামিম ইকবাল।
.png)
তামিমের ক্ষতিগ্রস্ত হওয়া দুই ডিস্ক ঘিরে তিন থেকে চারটি ইনজেকশন দেওয়া হয়েছে। সেগুলো দেওয়া হয়েছে অস্ত্রোপচারের টেবিলে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরি।
ইনজেকশন ঠিকঠাক কাজ করতে শুরু করলে ৭ থেকে ১০ দিন বিশ্রামে থাকতে হবে তামিমকে। এরপর আস্তে আস্তে তিনি ফিটনেস ট্রেনিংসহ অনুশীলন শুরু করতে পারবেন। তবে আসল চ্যালেঞ্জ হবে অনুশীলন শুরুর পরই। তখন যদি আবার ব্যথা ফিরে আসে, তাহলে আরেক ধাপে ইনজেকশন নিতে হবে। তাতেও কাজ না হলে শেষ উপায় অস্ত্রোপচার।
এই ব্যথা তামিমকে ভোগাচ্ছে গত নভেম্বর থেকে। ভারতের বিপক্ষে সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করার পর ড্রেসিং রুমে গিয়ে তিনি অনুভব করেন এটির অস্তিত্ব। ওই সিরিজে কোনো ম্যাচেই মাঠে নামতে পারেননি দেশসেরা এ ওপেনার।