ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

সৌদি ক্লাব নিয়ে যা বললেন গার্দিওলা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৩২, ৩০ জুলাই ২০২৩
সৌদি ক্লাব নিয়ে যা বললেন গার্দিওলা
পেপ গার্দিওলা। ছবি- সংগৃহীত

ফুটবল ইতিহাসে সৌদি ক্লাবে নবজাগরণ ঘটতে যাচ্ছে। এমনটি হওয়াটাই তো স্বাভাবিক। কেননা একে একে ইউরোপের তারকা ফুটবলাররা সৌদিতে পাড়ি দিচ্ছেন। মধ্য প্রাচ্যের দেশটিও খেলোয়াড়দের মোটা অংকের সম্মানি দিচ্ছে। ফলে এখনই সৌদি ক্লাব নিয়ে সবাইকে সতর্ক হতে বললেন ম্যানচেস্টার সিটিকে ট্রেবল জেতানো পেপ গার্দিওলা।

লোভনীয় প্রস্তাব দিয়ে একের পর এক যে হারে সৌদির ক্লাবগুলো খেলোয়াড়দের দলে ভেড়াচ্ছে তাতে চিন্তিত হয়ে পড়েছেন স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা।

অবশ্য এর শুরুটা হয়েছিল গত ডিসেম্বরে। সৌদি যাত্রার প্রথম তারকা ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। মূলত বড় কোনো তারকা হিসেবে তিনিই প্রথম সৌদি লিগের দল আল নাসরে যোগ দেন। 

এরপর লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পের দিকেও দেশটির ক্লাব হাত বাড়িয়েছিল। তবে তারা সাড়া না দিলেও একে একে অনেকেই যুক্ত হয়েছেন দেশটির বিভিন্ন ক্লাবে।

সম্প্রতি ম্যানসিটির আলজেরীয় উইঙ্গার রিয়াদ মাহরেজ যোগ দিয়েছেন আল আহলিতে। তাকে নিয়েই কথার প্রসঙ্গ শুরু। 

প্রাক-মৌসুম প্রীতি ম্যাচের আগে এ নিয়ে কথা বলেন গার্দিওলা, ‘সৌদি আরব (ফুটবলের) বাজার বদলে দিয়েছে। কয়েক মাস আগে একমাত্র রোনালদো গিয়েছিল। তখন কেউ ধারণা করেনি, সৌদি লিগে এতগুলো সেরা খেলোয়াড় খেলবে।’

এরপরই ইউরোপীয় দলগুলোর প্রতি সতর্কবার্তা দিয়েছেন ৫২ বছর বয়সী এই কোচ, ‘ভবিষ্যতে আরো সেরা মানের খেলোয়াড় সেখানে যাবে। এজন্য ক্লাবগুলোর সতর্ক হওয়া দরকার যে কী ঘটতে চলেছে। রিয়াদ অবিশ্বাস্য প্রস্তাব পেয়েছে। এ কারণে আমরা ওকে “যেয়ো না” বলতে পারিনি।’

ক্রমেই সৌদি লিগ শক্তিশালী হয়ে উঠছে বলে মত গার্দিওলার, ‘এখানে হুমকি বড় কথা নয়, ব্যাপারটা হচ্ছে বাস্তবতা। ওরা (সৌদি আরব) শক্তিশালী একটা লিগ তৈরি করতে চাচ্ছে। এখন পর্যন্ত যে লিগ করেছে, সেটা তারা পারবেও।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!