ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এশিয়া কাপের প্রোমোতে সাকিব-মুস্তাফিজরা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:২৩, ৪ আগস্ট ২০২৩
এশিয়া কাপের প্রোমোতে সাকিব-মুস্তাফিজরা
ছবি- সংগৃহীত

চলতি মাসেই মাঠে গড়াবে এশিয়া কাপ। এবারের আসরের পর্দা উঠবে আগামী ৩০ আগস্ট। আসন্ন টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, আফগানিস্তান ও নেপাল। এ টুর্নামেন্টকে ঘিরে এরই মধ্যে চূড়ান্ত সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

এবার আয়োজকরা প্রকাশ্যে আনলো ৪৫ সেকেন্ডের একটি প্রচারণামূলক ভিডিও। যেখানে দেখানো হয়েছে বাংলাদেশের সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেনদের।

বৃহস্পতিবার রাতে নিজেদের টুইটার অ্যাকাউন্টে এশিয়া কাপের ৪৫ সেকেন্ডের প্রোমো ছেড়েছে স্টার স্পোর্টস। যেখানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান—এই পাঁচ দল আছে এশিয়া কাপের প্রোমোতে। 

Advertisement

প্রচারণামূলক ভিডিওতে ২০২২ সালের এশিয়া কাপের খণ্ডচিত্রই বেশি দেখানো হয়েছে। বাংলাদেশকে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করা শ্রীলংকার ক্রিকেটারদের উল্লাস দেখানো হয়েছে। তাতে হতাশ হয়ে পড়েছেন গত এশিয়া কাপে বাংলাদেশের অধিনায়ক সাকিব। গ্যালারিতে থাকা বাংলাদেশের ভক্ত-সমর্থকেরাও সেখানে হতাশ। 

গত এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের বেশ কিছু মুহূর্ত দেখানো হয়েছে প্রোমোতে। এছাড়া রুদ্ধশ্বাস পাকিস্তান-আফগানিস্তান ম্যাচের ছবিও রয়েছে। আসিফ আলিকে আউট করে আফগান পেসার ফরিদ আহমদ মালিক স্লেজিং করেছেন। আর ছক্কা মেরে পাকিস্তানকে জেতানোর পর বাধভাঙা উল্লাস করেন নাসিম শাহ। ২০১৮ এশিয়া কাপের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের ঘটনাও দেখানো হয়েছে। বাবর আজমকে এলবিডব্লু করেছেন মুস্তাফিজুর রহমান।

গতবারের মতো এবারো হবে ছয় দলের এশিয়া কাপ। এবারের এশিয়া কাপে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান ও নেপাল। আর ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলংকা ও আফগানিস্তান। 

হাইব্রিড মডেলে হতে যাওয়া এশিয়া কাপের প্রথম ম্যাচে মুলতানে মুখোমুখি হবে পাকিস্তান ও নেপাল। আর এশিয়া কাপে ৩১ আগস্ট পাল্লেকেলেতে বাংলাদেশ খেলবে শ্রীলংকার বিপক্ষে। কলম্বোর প্রেমাদাসায় ১৭ সেপ্টেম্বর হবে ফাইনাল।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!