বিশ্বকাপ খেলবেন উইলিয়ামসন!
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে দু’মাসেরও কম সময় রয়েছে। এ টুর্নামেন্টকে ঘিরে নানা পরিকল্পনা সাজাতে ব্যস্ত কোয়ালিফাই করা দেশগুলো। যে তালিকায় খানিকটা এগিয়ে থাকবে বর্তমান রানার্স-আপ নিউজিল্যান্ড।
পরপর দুই বিশ্বকাপে শিরোপা বঞ্চিত কিউইরা ভারত বিশ্বকাপকে পাখির চোখ করে রেখেছে। আসন্ন বিশ্বকাপে শিরোপা উঁচিয়ে ধরতে চায় দলটি। তবে ইনজুরির কারণে লম্বা সময় মাঠের বাইরে আছেন কিউই দলপতি কেন উইলিয়ামসন।
ইনজুরি কাটিয়ে গত ১ আগস্ট অনুশীলনে ফিরেছেন উইলিয়ামসন। কিউই অধিনায়ক বলেন, ‘আসলে বিশ্বকাপের দলে থাকাটা সব সময়ই বিশেষ কিছু। তবে আমার ক্ষেত্রে এখন পুরোটাই সম্ভাবনা। বিশেষ করে সময় ও সেরে ওঠা সাপেক্ষে। এখনও আমাকে অনেক কিছু করতে হবে।’
উইলিয়ামসন আরো বলেন, ‘নিউজিল্যান্ড ক্রিকেট, সাপোর্ট স্টাফ ও পেশাদার ফিজিও যেভাবে বলছেন আমি সেটা ফলো করে সেভাবেই আগাচ্ছি। সবকিছু মিলিয়ে আসলে বিষয়টা খুব কঠিন। কারণ, হয়তো কখনো আপনার ভালো সময় যাবে, কখনো খারাপ সময়।’
ইনজুরিতে পড়ার পর বিশ্বকাপে খেলা নিয়ে কি ভেবেছিলেন কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অবশ্যই ভেবেছিলাম সম্ভাবনা খুবই ক্ষীণ। এখনও সম্ভাবনা ক্ষীণ। আসলে সত্যি বলতে আমার বিশ্বকাপে খেলাটা এখন কঠিন একটা লক্ষ্য। তবে বিশ্বকাপে খেলবো এই বিষয়টা মানসিকভাবে আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করে। আমি নিজেকে প্রস্তুত করতে আরো বেশি কঠোর পরিশ্রম করার রসদ পাই।’