সৌদি প্রো লিগের ক্লাব আল ইত্তিহাদের লোভনীয় প্রস্তাবে রাজি হয়েছেন সালাহ। তবে তাকে বিক্রির প্রতি কোনো আগ্রহ দেখাচ্ছে না লিভারপুল। খবর আল জাজিরার।
ইউরোপীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়েও বেশি পারিশ্রমিক দিয়ে সালাহকে দলে টানতে চাচ্ছে আল ইত্তিহাদ। বেতন ও বোনাস ছাড়াও থাকছে একাধিক সুবিধা। এসব সুবিধার কাছেই শেষমেশ রাজি হয়েছেন মিশরীয় তারকা। বেইন স্পোর্টসের বরাত দিয়ে এই খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
.png)
সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, লিভারপুল কোনোমতেই সালাহকে ছাড়তে রাজি নয়। গত ছয় মৌসুমে দলটির সর্বোচ্চ গোলদাতাকে ধরে রাখতে বদ্ধপরিকর ক্লাবটি।
খেলাধুলাভিত্তিক গণমাধ্যম দ্য অ্যাথলেটিক জানাচ্ছে, আল ইত্তিহাদের প্রস্তাবে সরাসরি না করে দিয়েছে লিভারপুল। সৌদি ক্লাবটিকে নাকি লিভারপুল এটাও জানিয়েছে যে ‘সালাহ বিক্রির জন্য নয়’।
এর আগেও সালাহকে বেশ কয়েকবার দলে ভেড়াতে চেয়েও ব্যর্থ হয়েছে সৌদি ক্লাবটি। তবে সালাহকে পাওয়ার চেষ্টা অব্যাহত রেখেছে তারা। সৌদি প্রো লিগের দলবদলের মেয়াদ শেষ হবে আগামী মাসের ৭ তারিখ। সেক্ষেত্রে সালাহকে দলে ভেড়ানোর জন্য আর মাত্র দুই সপ্তাহের মতো সময় পাবে সৌদি ক্লাবটি।