ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
এশিয়া কাপ

যে সমীকরণে ফাইনালে যেতে পারে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৮, ১১ সেপ্টেম্বর ২০২৩
যে সমীকরণে ফাইনালে যেতে পারে বাংলাদেশ
ফাইল ছবি

এশিয়া কাপের সুপার ফোরে টানা দুই ম্যাচ হেরে ফাইনালের দৌড় থেকে অনেকটাই ছিটকে গেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে পাকিস্তান ও দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষে পরাজয়ের তিক্ত স্বাদ পায় সাকিবের দল। তবে কাগজে-কলমে এখনো আসরে টিকে আছে টাইগাররা।

আসরের ফাইনাল খেলতে হলে ভারতকে হারানোর কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে। তবে রোহিত শর্মাদের শুধু হারালেই হবে না, বাংলাদেশকে তাকিয়ে থাকতে বাকি তিন দলের দিকেও। যেখানে বাংলাদেশকে আসরে টিকিয়ে রাখতে হলে সুপার ফোরের সবগুলো ম্যাচ জিততে হবে পাকিস্তানকে। 

বাংলাদেশকে হারানো পাকিস্তানের নিজেদের পরের দুই ম্যাচে ভারত ও শ্রীলংকাকে হারাতে হবে। টানা তিন ম্যাচে জয় পেলে তাদের সংগ্রহ হবে ৬ পয়েন্ট। শ্রীলংকা এরই মধ্যে সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়েছে। বাকি দুই ম্যাচে ভারত ও পাকিস্তানের বিপক্ষে হারতে হবে লংকানদের।

Advertisement

সেক্ষেত্রে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে সুপার ফোর পর্ব শেষ করবে লংকানরা। অন্যদিকে, ভারতকে হারতে হবে পাকিস্তান ও বাংলাদেশের কাছে। তবে জয় পেতে হবে লংকানদের বিপক্ষে। ফলে গ্রুপ পর্ব শেষে তাদের নামের পাশেও থাকবে ২ পয়েন্ট।

চলমান টুর্নামেন্টে ভারতের ম্যাচ বাকি তিনটি। তিন ম্যাচের কোনোটা বৃষ্টিতে ভেসে গেলে তাদের পয়েন্ট হবে অন্তত এক – যা বাংলাদেশের চেয়ে বেশি! সে ক্ষেত্রে বলা যেতে পারে, চিরপ্রতিদ্বন্দ্বি ভারত-পাকিস্তানের সুপার ফোরের ম্যাচে রিজার্ভ ডে থাকার কারণে বাংলাদেশের একটু হলেও সুবিধা হয়েছে।

রোববার প্রথম ইনিংসে ভারত ২ উইকেটে ১৪৭ করার সঙ্গে সঙ্গে বৃষ্টি নামে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে। ভাগ্যিস, ‘রিজার্ভ ডে’ ছিল! তাই আজ ম্যাচের বাকি অংশ নিরুপদ্রবে শেষ হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

যদি না থাকত? সেক্ষেত্রে কাল ভারত-পাকিস্তান দুই দলই এক পয়েন্ট করে পেয়ে পয়েন্ট টেবিলে বাংলাদেশের ওপরে উঠে যেত, বাংলাদেশের ফাইনালে ওঠার স্বপ্ন যা একটু বেঁচে ছিল, সেটুকুও শেষ হয়ে যেত! চাইলে সাকিবরা এসিসিকে একটা ধন্যবাদ দিতেই পারেন!

এদিকে পাকিস্তান ও শ্রীলংকার বিপক্ষে হেরে বাংলাদেশের পয়েন্ট এখন শূন্য। তবে ভারতের বিপক্ষে জিতলে টাইগাররা পাবে ২ পয়েন্ট। ৬ পয়েন্ট নিয়ে পাকিস্তান ফাইনাল নিশ্চিত করলেও তখন বাকি তিন দলের পয়েন্ট হবে সমান ২ করে। সেক্ষেত্রে ফাইনালে পাকিস্তানের সঙ্গী নির্বাচন করতে হবে নেট রানরেটের ভিত্তিতে।

সবমিলিয়ে বাংলাদেশের জন্য ফাইনালের সমীকরণটা অনেক কঠিন হলেও অসম্ভব  নয়।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!