ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
এশিয়া কাপ-২০২৩

‘ওরা চ্যাম্পিয়ন হতে আসছিল, আমি জানি না’

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:১৭, ১১ সেপ্টেম্বর ২০২৩
‘ওরা চ্যাম্পিয়ন হতে আসছিল, আমি জানি না’
নাজমুল হোসেন পাপান। ছবি- সংগৃহীত

চলমান এশিয়া কাপের ফাইনালের দৌড় থেকে রীতিমতো ছিটকে গিয়েছে বাংলাদেশ দল। অবশ্য কাগজে কলমে এখনো ফাইনালের আশা টিকে রয়েছে টাইগারদের। কিন্তু সেই সমীকরণটা বেশ জটিলই।

এদিকে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের আগে বড় স্বপ্ন নিয়ে মহাদেশীয় টুর্নামেন্ট খেলতে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে তারা। এখন পর্যন্ত গ্রুপপর্ব ও সুপার ফোর মিলিয়ে চার ম্যাচে টাইগারদের জয় এসেছে মোটে একটিতে। 

এমন বাজে পারফরম্যান্সে স্বাভাবিকভাবেই হতাশ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তারুণ্যনির্ভর এই দল নিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়া সম্ভব না বলেও মন্তব্য করেছেন বিসিবি বস।

Advertisement

গণমাধ্যমের সামনে পাপন বলেন, ‘এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে আসছিল? আমি জানি না। এই টিম নিয়ে! আমার মনে হয় না। যদি কেউ বলে থাকে.... এতগুলা নতুন ছেলে খেলবে.... চ্যাম্পিয়ন হয়ে যাবে এশিয়া কাপে... এটা আমার মনে হয় না।’ 

অবশ্য এই কারণে দল নিয়ে শঙ্কা কারণও দেখেন না পাপন, ‘যদি তামিম আর শান্ত থাকত, লিটনও খেলত... আমি বলছি তামিম-লিটন-শান্ত... এক দুই তিনে খেলত, আর তখন যদি না হতো, তাহলে আমি বেশি শঙ্কায় থাকতাম। এখন যারা খেলছে তারা তো খেলার কথা না। তাই তাদের দোষ দিয়ে লাভটা কী? আমরা তো কখনো তাদের এই জায়গায় চিন্তাই করিনাই।’

এশিয়া কাপের সুপার ফোরে প্রথম দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে কার্যত ছিটকেই গিয়েছে বাংলাদেশ। সুপার ফোরের দুই ম্যাচেই ছিল ব্যাটিং ব্যর্থতা। আগামী ১৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে শেষ ম্যাচে মাঠে নামবে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!