ভারতের কাছে হেরে যা বললেন বাবর
চলমান এশিয়া কাপে দুর্দান্ত ফর্মে রয়েছে পাকিস্তান দল। কিন্তু সুপার ফোরের লড়াইয়ে ভারতের কাছে পাত্তাই পায়নি বাবর আজমের দল। সোমবার ভারতের দেওয়া রান পাহাড় টপকাতে নেমে লজ্জার পরাজয় বরণ করতে হয়েছে মেন ইন গ্রিনদের।
রিজার্ভ ডে’তে গড়ানো ম্যাচে ভারতের বিপক্ষে তিন বিভাগেই বাজে পারফরম্যান্স করেছে পাকিস্তান। ম্যাচ হারের পর তা অকপটেই স্বীকার করেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ২ উইকেটে ৩৫৬ রানের পাহাড় গড়ে ভারত। জবাবে ১২৮ রানে অলআউট হয় পাকিস্তান। এতে চিরপ্রতিদ্বন্দ্বিদের কাছে ২২৮ রানের বিশাল ব্যবধানে পরাজয় বরণ করে তারা।
ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর তথ্যে বলা হয়, ম্যাচ শেষে লজ্জার হারের কারণ জানিয়েছেন পাক অধিনায়ক বাবর।
তিনি বলেন, ‘ব্যাটিং, বোলিং-দুটিই খারাপ করেছি আমরা। রোহিত ও শুভমান ভারতের হয়ে আক্রমণাত্মক শুরু করেছিল। তারা আমাদের বোলারদের পড়ে ফেলেছিল। তাতে দুরন্ত সূচনা পেয়েছে ভারত।’
পাকিস্তান অধিনায়ক আরো বলেন, ‘পরে কোহলি ও রাহুল আগ্রাসী ব্যাটিং করেছে। ছন্দময় ক্রিকেট খেলেছে তারা। দারুণভাবে ব্যাটিং ইনিংসটা শেষ করেছে উভয়ই। এতে বিশাল পুঁজি পেয়েছে ভারত।’
বাবরের ভাষ্যে, ‘বোলিংয়ে ভারতের পক্ষে জাসপ্রিত ও সিরাজ সূচনাটা চমৎকার করেছে। প্রথম ১০ ওভার তারা অসাধারণ বল করেছে। দুই দিকেই সুইং করিয়েছে দুজনই। আমরা ব্যাক টু ব্যাক উইকেট হারিয়েছি। বড় জুটি গড়ে তুলতে পারিনি। এক্ষেত্রে ভালো করতে পারলে খেলাটা অন্যরকমও হতে পারতো।’