ফিলিপ হিউজের ঘটনার পর কেটে গেছে অর্ধযুগেরও বেশি সময়। এবার সেই ঘটনাকে চিরতরে বিদায় বলতে ব্যাটিংয়ের সময় বিশেষ সুরক্ষা হিসেবে 'নেক গার্ড' বাধ্যতামূলক করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
ক্রিকেট অস্ট্রেলিয়ার এমন সিদ্ধান্তের কারণে এখন থেকে স্টিভেন স্মিথ-ডেভিড ওয়ার্নারদের ব্যাটিংয়ের সময় বিশেষ সতর্কতা হিসেবে নেক গার্ড ব্যবহার করতে হবে। তবে এবার আর কোনো সুপারিশ নয় ‘নেক গার্ড’ পুরোপুরি বাধ্যতামূলক বিধান করে দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার হেড অব অপারেশন পিটার রোচ।
এক বিবৃতিতে তিনি বলেন, ‘মাথা এবং ঘাড় রক্ষা করা আমাদের খেলাধুলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। বিশেষজ্ঞ এবং স্টেকহোল্ডারদের অনেক বিস্তৃত আলোচনা ও পরামর্শের ভিত্তিতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফরে ঘাড়ের গার্ডের জন্য কাগিসো রাবাদার বাউন্সারের আঘাত থেকে রক্ষা পান ক্যামেরুন গ্রিন। তার বদলি হিসেবে পরবর্তী ম্যাচগুলো খেলেছেন মার্নাস লাবুশেনে। গ্রিনের সেই আঘাতের এক সপ্তাহ পার না হতেই এই সিদ্ধান্তের কথা জানালো দেশটির ক্রিকেট বোর্ড।