অবশেষে বুধবার বিকেল ৫টার কিছুক্ষণ পরেই নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে ১২ মিনিটের একটি ভিডিও প্রকাশ করেন তামিম। সেখানে আফগানিস্তান সিরিজের মাঝেই অবসর, চিকিৎসা ও বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পাওয়াসহ নানা বিষয় নিয়ে কথা বলেছেন টাইগারদের সাবেক এ অধিনায়ক।
তাকে নিয়ে বোর্ড ও নির্বাচকদের দোটানার কথা তুলে ধরেছেন তামিম। জানিয়েছেন তার সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনার কথাও।
.png)
তামিম বলেন, ‘নিউজিল্যান্ড ম্যাচের দ্বিতীয় ম্যাচে আমি ৪৪ রান করেছিলাম। নিজেকে নিয়ে খুশি ছিলাম। এর দুই-একদিন পর বোর্ডের উচ্চমহল থেকে একজন ফোন করলেন। তিনি বেশ জড়িত আমাদের ক্রিকেটের সঙ্গে। তিনি ফোন করে বললেন, তুমি তো বিশ্বকাপে যাবা। তোমাকে অনেক ম্যানেজ করিয়ে খেলাতে হবে। একটা কাজ কর প্রথম ম্যাচ খেলো না।’
তিনি আরো বলেন, ‘আমি বললাম, ভাই এটা তো ১২-১৩ দিনের কথা। এই ক’দিনে তো আমি আরো ভালো অবস্থায় থাকব। কী কারণে খেলব না! তিনি বললেন, তুমি যদি খেল আমরা একটা পরিকল্পনা করছি তোমাকে আমরা নিচে ব্যাটিং করাব।’
বিসিবির সেই কর্মকর্তার কথায় মন ভেঙে গেছে বলে জানান তামিম। টাইগারদের সাবেক অধিনায়ক আরো বলেন, ‘একটা কথা মাথায় রাখতে হবে আমি কিছুদিন ধরে কোন মানসিকতায় ছিলাম। আমি একটা ভালো ইনিংস খেলেছি, সুখী ছিলাম এর মাঝে এসব কথা, আমার পক্ষে নেয়া সম্ভব না।’
তামিমের কথায়, ‘১৭ বছর আমি এক পজিশনে ব্যাট করেছি, জীবনে কখনো ৩-৪ পজিশনে ব্যাটিংই করিনি। যদি কোনো দিন করতাম তাহলে হয়তো মানিয়ে নেয়া সহজ হতো। কিন্তু কখনোই এই পজিশনে ব্যাট করিনি। স্বাভাবিকভাবেই আমি কথাটা সহজভাবে নিতে পারিনি। আমি উত্তেজিত হয়ে গিয়েছিলাম।’