ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মিশা বললেন, ‘সাকিব-তামিম বড় না, সবার উপরে দেশ’

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫৩, ২৮ সেপ্টেম্বর ২০২৩
মিশা বললেন, ‘সাকিব-তামিম বড় না, সবার উপরে দেশ’
ছবি- সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপ খেলতে বুধবার ভারতে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেখানে একদিন বিশ্রামের পরই বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে টাইগাররা। যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলংকা। তবে বাইশ গজে লড়াইয়ের আগেই মাঠের বাইরের ইস্যুতে সরগরম দেশের ক্রিকেটাঙ্গন।

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার পর থেকে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। সেই আগুনে ঘি ঢেলেছেন ফিটনেস ইস্যুতে বিশ্বকাপ মিস করা তামিম ইকবাল। এরপর এক সাক্ষাৎকারে তামিমের নানা প্রশ্নের উত্তর দিয়েছেন টাইগার দলপতি সাকিব আল হাসান।

সামাজিক মাধ্যমে অনেকেই দাবি করছেন, অধিনায়ক সাকিবের সিদ্ধান্তের কারণেই দলে জায়গা পাননি তামিম। প্রকাশ্যে এসেছে তাদের মনোমালিণ্যের বিষয়টিও। এমন সমালোচনার মাঝে সামাজিক মাধ্যমে সাকিব-তামিমকে মিলিয়ে দেওয়ার কেউ কি নেই, সেই প্রশ্ন তুললেন চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগর।

Advertisement

বৃহস্পতিবার সকালে সংবাদপত্রের একটি কাটিং নিজের ভেরিফায়েড প্রোফাইলে শেয়ার করেছেন মিশা সওদাগর। সেই পোস্টে তিনি লেখেন, সাকিব-তামিম বড় না, সবার ওপরে দেশ।

মিশা সওদাগর লিখেছেন, ‘আমাদের এমন কেউ কি নেই যে এই দুইজনকে (সাকিব-তামিম) একত্র করে এক টেবিলে বসিয়ে হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে দেবেন? কারণ একটা কথা তো আমরা সবাই জানি—যত বাড়বে বিভক্তি ততই কমবে শক্তি। আমাদের সব চাইতে সম্মান করার বিষয়টা হচ্ছে আমাদের দেশ, আমাদের পতাকা। এখানে তামিম-সাকিব আর টিম ম্যানেজমেন্ট বড় না, সবার ওপরে দেশ, জন্মভূমি, নেতৃত্ব আর ভালোবাসা। সেক্রিফাইস থাকলে সবই সম্ভব, উদাহরণ আমাদের বিজয় ’৭১।’

সাকিব-তামিমের পাল্টাপাল্টি মন্তব্য ঘিরে ঢাকায় সিনেমার শক্তিমান এই অভিনেতা আরে লিখেছেন, ‘কারোর সমালোচনা করার এই মুহূর্তে আমাদের প্রয়োজন নেই। আমরা অবগত আমাদের দেশের ক্রিকেট আমাদের সবচাইতে বড় আবেগ, আমি অনুরোধ করব—এমন কোনো কথা কেউ বলবেন না। আপনি-আমরা-ক্রিকেট-দেশ ছোট হোক।’

এদিকে তামিম ইস্যুতে আজ আবারো কথা বলবেন সাকিব। জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টায় দেশের বেসরকারি টিভিতে দেওয়া সাকিবের সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব প্রকাশিত হবে। ‘সাকিব৭৫ আনসেন্সরড’ এর দ্বিতীয় পর্বে আরো অনেক প্রশ্নের খোলামেলা জবাব দেবেন টাইগার অধিনায়ক।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!