১৯৯২ আসরের পর এবারই প্রথম অংশগ্রহণকারী সকল দেশ অন্তত একটি করে ম্যাচে জয়লাভ করেছে। মাঝে সাতটি আসর গড়ালেও প্রতিবারই অন্তত একটি করে দল ছিল যারা কোনো ম্যাচে জয়ের মুখ দেখেনি। এবারের আসরে এসে সেই ধারা কেটেছে।
এদিকে চারটি করে ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে নিউজিল্যান্ড। কোনো ম্যাচ না হেরে কিউইদের সমান ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে ভারত। রান রেটের হিসেবে পিছিয়ে স্বাগতিকরা। চলতি আসরে এখন পর্যন্ত এই দুই দলই অপরাজিত রয়েছে। তবে রোববারের লড়াই শেষে যে কোনো একদল অপরাজিত থাকার গৌরব হারাবে।
.png)
চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তিনে আছে দক্ষিণ আফ্রিকা। সমান চার পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে অস্ট্রেলিয়া ও পাকিস্তান। টেবিলের ষষ্ঠ থেকে দশম স্থানে থাকা পাঁচটি দলই একটি করে ম্যাচ জিতেছে। যেখানে রান রেটের হিসেবে সবচেয়ে সুবিধাজনক অবস্থায় আছে বাংলাদেশ। টাইগারদের অবস্থান ছয়ে।
রান রেটের ভিত্তিতে পয়েন্ট টেবিলের পরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে নেদারল্যান্ডস, শ্রীলংকা, ইংল্যান্ড ও আফগানিস্তান। ফলে বলা যায় এখন পর্যন্ত সব দলের সামনেই সেমিফাইনালে যাওয়ার দারুণ সুযোগ রয়েছে। এবারের আসর সময় গড়ানোর সঙ্গে সঙ্গে যে আরো আকর্ষণীয় হয়ে উঠবে তা নিশ্চিত।