ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

৩ সেঞ্চুরিতে রেকর্ডবুকে কুইন্টন ডি কক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:২১, ২৪ অক্টোবর ২০২৩
৩ সেঞ্চুরিতে রেকর্ডবুকে কুইন্টন ডি কক
ছবি- সংগৃহীত

বিশ্বকাপে ব্যাট হাতে উড়ছেন দক্ষিণ আফ্রিকা ব্যাটার কুইন্টন ডি কক। কিন্তু চলতি আসর দিয়ে ওয়ানডে ক্রিকেটের ইতি টানবেন তিনি। শ্রীলংকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা সেঞ্চুরির পর এবার বাংলাদেশের সঙ্গেও তিন অংকের ম্যাজিক ফিগারে পৌঁছালেন প্রোটিয়া এ উইকেটরক্ষক-ব্যাটার।

সেই সঙ্গে প্রথম দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হিসেবে এক বিশ্বকাপে ৩ বা তার বেশি সেঞ্চুরি পেলেন ডি কক। শ্রীলংকার বিপক্ষে ১০০ রান দিয়ে টুর্নামেন্ট শুরু করেন ডি কক। অস্ট্রেলিয়ার বিপক্ষে পরের ম‍্যাচে করেন ১০৯ রান।

এরপর ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে রান পাননি। তবে পঞ্চম ম্যাচে এসে ঠিকই আবার রানে ফিরলেন এ ওপেনার। ৪৭ বলে করেছিলেন প্রথম ৫০ রান। পরের ৫০ রান করতে বল খরচ করেছেন ৫৪ বল। সবমিলিয়ে তিন অংক ছুঁয়েছেন ১০১ বলে। ক‍্যারিয়ারের ২০তম সেঞ্চুরির দেখা পেলেন তিনি।

Advertisement

২০১১ বিশ্বকাপে দুটি সেঞ্চুরি করেছিলেন এবি ডি ভিলিয়ার্স। এক আসরে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ সেঞ্চুরি ছিল সেটিই। ডি কক তাকে ছাড়িয়ে গেলেন স্রেফ ৫ ম‍্যাচেই! ডি ককের সেঞ্চুরিতে দ্রুত দুই উইকেট পতনের পরও ম্যাচের লাগাম নিজেদের কাছেই রেখেছে প্রোটিয়ারা।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৯ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ৩ উইকেটে ২২৭ রান।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!