নিজেদের সবশেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল ভারত। সেই ম্যাচেও জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। তবে ম্যাচটিতে একাদশের বাইরে ছিলেন হার্দিক পান্ডিয়া। এজন্য কিউই ম্যাচের একাদশে দুই পরির্বতন আনতে হয় ভারতকে।
বিশ্বকাপ মিশনে ভারতের গুরুত্বপূর্ণ সদস্য পান্ডিয়া আরো দুই ম্যাচে খেলতে পারবেন না। আগামী ২৯ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে খেলবে ভারত। এরপর ২ নভেম্বর মুম্বাইয়ে শ্রীলংকার মুখোমুখি হবে স্বাগতিকরা। ওই দুই ম্যাচে গোড়ালির ইনজুরিতে পড়া পান্ডিয়াকে পাওয়া যাবে না বলে জানিয়েছে ভারতের ন্যাশনাল ক্রিকেট একাডেমির একটি সূত্র।
.png)
এমনকি ইংল্যান্ড ম্যাচের আগে দলেও যোগ দেবেন না ইনজুরি থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকা ডানহাতি পেস অলরাউন্ডার। তবে উন্নতি হলে মুম্বাইয়ে দলের সঙ্গে যোগ দিতে পারেন তিনি। সেটাও সম্ভব না হলে ৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে কলকাতায় দলের ক্যাম্পে যোগ দেবেন এ অলরাউন্ডার।
পান্ডিয়ার ইনজুরি নিয়ে সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, পান্ডিয়া এখনো চিকিৎসা নেয়ার পর্যায়ে আছেন। তার বাঁ-পায়ের ব্যথা পাওয়া স্থানের ফোলা অনেকটা কমে গেছে। তবে বোলিং শুরু করতে পারেননি। আগামী সপ্তাহের শুরুতে বোলিংয়ে ফিরতে পারেন তিনি। আগে তাকে ইনজুরি থেকে সেরে ওঠার সময় দিতে হবে।
এর আগে বাংলাদেশের বিপক্ষে পুনেতে বোলিং করতে গিয়ে ইনজুরিতে পড়েন হার্দিক পান্ডিয়া। মাত্র ৩টা বল করেই মাঠ ছাড়তে হয় তাকে। বিসিসিআই-এর একটি সূত্র তার ইনজুরি নিয়ে জানিয়েছিল- পান্ডিয়ার গোড়ালি মচকে গেছে।
এর মধ্যে ভালো খবর হচ্ছে, পান্ডিয়ার গোড়ালিতে চিড় ধরা পড়েনি। দুই-তিন ম্যাচ তাকে নাও পাওয়া যেতে পারে। মেডিকেল টিম তাকে নিয়ে খুবই সতর্ক। গ্রুপ পর্বে সম্ভব না হলে ম্যানেজমেন্ট নক আউটে পূর্ণ ফিট পান্ডিয়াকে চায়।