টানা সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ডবুকে ওয়ার্নার
দুঃস্বপ্নের মতো ওয়ানডে বিশ্বকাপের যাত্রা শুরু করেছিল অস্ট্রেলিয়া। কিন্তু ঘুরে দাঁড়িয়ে টানা দুই জয়ে পয়েন্ট টেবিলে স্বস্তি ফিরিয়েছে অজিরা। আজ তৃতীয় জয়ের লক্ষ্যে নেদারল্যান্ডসের বিপক্ষে লড়ছে দলটি। যেখানে ডাচদের সামনে রানপাহাড় দাঁড় করিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
বুধবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচের মাঝপথে জীবন পান অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। সেই সুযোগ কাজে লাগিয়ে দুর্দান্ত শতক তুলে নিয়েছেন তিনি। এর মধ্য দিয়ে দেশটির কিংবদন্তি রিকি পন্টিংকে টপকে গেছেন এ বাঁ-হাতি ব্যাটার।
ম্যাচের ২৩তম ওভারে ওয়ার্নারের সঙ্গে ঘটেছে অদ্ভুত ঘটনা। ওভারের চতুর্থ বলে বাস ডি লিডকে চার মারেন ওয়ার্নার। ঠিক তার পরের বলে কাভার এলাকা দিয়ে চার মারার চেষ্টা করেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার। ফন ডার মারউই ক্যাচ ধরে উল্লাস প্রকাশ করলেও ওয়ার্নার বুঝতে পেরেছেন যে তিনি আউট হননি। অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটারের রান ছিল ৭৩।
.png)
শেষ পর্যন্ত ৩৯তম ওভারে গিয়ে সেঞ্চুরি পেয়েছেন ওয়ার্নার। ওভারের তৃতীয় বলে ডি লিডকে স্কয়ার লেগ দিয়ে চার মেরে ওয়ানডে ক্যারিয়ারের ২২তম সেঞ্চুরি তুলে নেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার।
বিশ্বমঞ্চে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করে বিশ্বকাপ ক্যারিয়ারে ষষ্ঠ সেঞ্চুরি করেছেন ওয়ার্নার। তাতে রিকি পন্টিংকে ছাড়িয়ে অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ সেঞ্চুরি করে ফেলেন বাঁ-হাতি এ ওপেনার।
সেঞ্চুরির পর অবশ্য ইনিংস বড় করতে পারেননি ওয়ার্নার। ৯৩ বলে ১১ চার ও ৩ ছক্কায় ১০৪ রান করেন তিনি।
ওয়ানডে বিশ্বকাপে সেঞ্চুরি করা অস্ট্রেলিয়ার শীর্ষ পাঁচ ব্যাটার:
৬-ডেভিড ওয়ার্নার
৫-রিকি পন্টিং
৪-মার্ক ওয়াহ
৩-অ্যারন ফিঞ্চ
৩-ম্যাথ্যু হেইডেন