এক সময়ের টি-টোয়েন্টি ফরম্যাটের নাম্বার ওয়ান বোলার বেশ অনেকটা সময় ধরেই জাতীয় দলের বাইরে ছিলেন। পাকিস্তানের জার্সিতে সবমিলিয়ে ১২১টি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন। বয়সভিত্তিক দলে ছিলেন অধিনায়কও।
ইমাদ ওয়াসিম সবশেষ ম্যান ইন গ্রিনদের হয়ে এপ্রিলে খেলেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে দলে ছিলেন তিনি। তবে শেষ ওয়ানডে খেলেছেন আরো বেশ কয়েক বছর আগে।
.png)
এক্সে দেওয়া বিবৃতিতে ইমাদ বলেন, গত কয়েক দিনে আমার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে অনেক ভেবেছি। এরপর এ সিদ্ধান্তে এসেছি যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার এটিই সঠিক সময়। অনেক বছর ধরেই সহায়তা করার জন্য পিসিবিকে ধন্যবাদ দিতে চাই। পাকিস্তানের প্রতিনিধিত্ব করা সত্যিই সম্মানের।
এরপরই নতুন দিনের জন্য শুভকামনাও জানিয়েছেন ইমাদ, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে আমার ১২১টি ম্যাচের প্রতিটিই ছিল স্বপ্ন সত্যি হওয়ার মতো। নতুন কোচ ও নেতৃত্ব আসছে, ফলে পাকিস্তান ক্রিকেটের সামনে রোমাঞ্চকর দিন। সংশ্লিষ্ট সবাইকে সাফল্যের জন্য শুভকামনা। দলের উন্নতি দেখতে মুখিয়ে আছি আমি।
নিজের পোস্টের শেষদিকে পাকিস্তানের ভক্তদের আর নিজের পরিবারকেও ধন্যবাদ দিতে ভুল করেননি ইমাদ। জানিয়েছেন আন্তর্জাতিক ক্যারিয়ারের বাইরের ক্রিকেটে এখন মনোযোগ দিতে চান তিনি। বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটে তার প্রতি যে প্রত্যাশা, সেদিকেই হয়ত ইঙ্গিত করেছেন এই ক্রিকেটার।
লাহোরে ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক অভিষেক হয় ইমাদ ওয়াসিমের। ২০১৬ ও ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সঙ্গে ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপে খেলেছিলেন তিনি।