ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

শেষ মুহূর্তের জাদুতে জয় পেল কিংস

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০:৩৩, ২৭ নভেম্বর ২০২৩
শেষ মুহূর্তের জাদুতে জয় পেল কিংস
ছবি- সংগৃহীত

ঘরের মাঠ কিংস অ্যারেনায় এএফসি কাপে মালদ্বীপের ক্লাব মাজিয়াকে হারিয়েছে বসুন্ধরা কিংস। ম্যাচটিতে সফরকারীদের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়েন সোহেল-মিগেলরা। এমন জয়ে গ্রুপে নিজেদের অবস্থান আরো শক্ত করলো অস্কার ব্রুজোনের শিষ্যরা।

এদিন ম্যাচের দশম মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ে কিংস। নিজেদের ভুলেই মাজিয়াকে গোল উপহার দিয়েছে কিংস এমনটা বললে ভুল হবে না। তারিক কাজী ব্যাকপাসে বল দেন গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণকে। তিনি বল ক্লিয়ার না করে বক্সেই সতীর্থকে পাস দিতে চেয়েছিলেন। তবে সেই পাস নিয়ন্ত্রণে নেন মাজিয়ার ভোজিস্লাভ বালাবানোভিচ। রিবাউন্ড বলে শট করে দলকে এগিয়ে দেন রিগান ওবেং।

ম্যাচের ২৭তম মিনিটে আবারো বল জালে জড়িয়েছিল মাজিয়া। তবে হ্যান্ডবলের কারণে গোলের বাঁশি বাজাননি রেফারি। ৪১তম মিনিটে অফসাইডের ফাঁদে পড়েন বালবানোভিচ। আরো একবার বল জালে জড়ালেও ব্যবধান বাড়াতে পারেনি মাজিয়া। পরে আর কোনো গোল না হওয়ায় ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতে যায় দুদল।

বিরতিতে থেকে ফিরেই আক্রমণের ধার বাড়ায় কিংস। শুরুর মিনিটেই দারুণ এক গোলের সুযোগ পায় তারা। সতীর্থের ক্রস থেকে বল পান এমফন উদো। বল রিসিভ করে শরীর ঘুড়িয়ে দারুণ এক শট করেন এমফন উদো। তবে সরাসরি গোলরক্ষক হুসেন শরীফের হাতে ধরা পরে। ৪৭তম মিনিটে দোরিয়েলতনের পাস থেকে বল পান বিশ্বনাথ ঘোষ। বক্সের বাইরে থেকে নেয়া শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন মাজিয়ার গোলরক্ষক।

৬৭ মিনিটে বক্সের বাইরে ফ্রিকিক পায়  কিংস। মিগেল দামাসেনার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। পরের মিনিটেই দুটি বদলি করেন কোচ অস্কার ব্রুজোন। সোহেল রানার পরিবর্তে মাঠে নামেন শেখ মোরসালিন এবং রাকিব হোসের পরিবর্তে মাঠে নামেন রফিকুল ইসলাম।

ম্যাচের ৭৮ মিনিটে দারুণ এক গোলের সুযোগ পেয়েছিলেন বদলি নামা শেখ মোরসালিন। বক্সের ভেতর এমফন উদো ব্যাকহিলে বল দেন মোরসালিনকে। গোলরক্ষককে একা পেয়েও দূর্বল শটে বল জালে জড়াতে পারেননি মোরসালিন। তবে পরের মিনিটেই মোরসালিনের কর্নার থেকে হেডে দলকে সমতায় ফেরান ববুরবেগ। উল্লাসে ফেটে পড়ে কিংস অ্যারেনা।

দশ মিনিটের ব্যবধানে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের গল্প লেখলেন মিগেল দামাসেনা। দরিয়েলতনের ব্যাকপাস থেকে প্রায় ত্রিশগজ দূর থেকে শট করে গোলরক্ষকের উপর দিয়ে বল জালে জড়ান মিগেল। কিংস অ্যারেনায় অব্যহত থাকলো কিংসের অপরাজিত যাত্রা। 

গ্রুপের শীর্ষে থেকেই ভারতের ক্লাব ওড়িশার বিপক্ষে মাঠে নামবে কিংস। ঐ ম্যাচে জয় পেলেই খেলবে জোনাল সেমিফাইনালে। ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। ওড়িশার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচটি খেলবে আগামী ১১ ডিসেম্বর।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!