ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ফিলিপ হিউজ: অজিদের ‘নিখোঁজ’ তারকা

আশরাফুল ইসলাম আকাশ
প্রকাশিত: ১৬:২৪, ৩০ নভেম্বর ২০২৩
ফিলিপ হিউজ: অজিদের ‘নিখোঁজ’ তারকা
ছবি- সংগৃহীত

ফিলিপ জোয়েল হিউজ। একুশ শতকের ক্রিকেটে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় ‘দুঃখ’! আর এমনটি না হয়ে উপায় কি? ক্যাঙ্গারুদের শহরের সাদা পদ্মটি প্রস্ফুটিত হওয়ার আগেই তাকে আঘাত করে লাল চেরি। সেই বিষেই বয়সের ২৬ বসন্ত ছোঁয়ার তিনদিন আগে মায়াবী এ পৃথিবীকে ‘গুড বাই’ বলেন অজিদের সম্ভাবনাময়ী মহাতারকা। তার বিদায়ে যেন তাসমান সাগর পাড়ের আশপাশ ঢেকে যায় ঘন কালো মেঘে।

অস্ট্রেলিয়া ক্রিকেটে হারিয়ে যাওয়া তারকা ফিলিপ হিউজের আজ জন্মদিন। ১৯৮৮ সালের আজকের এই দিনে (৩০ নভেম্বর) অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ছোট্ট শহর ম্যাকসভেলিতে জন্মগ্রহণ করেন তিনি।

বিশ্ব ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফরম্যাট টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন ফিলিপ হিউজ। বয়সের ২০ বসন্ত পেরোনোর কয়েক মাস পরেই অস্ট্রেলিয়ার সাদা পোশাক গায়ে তোলেন তিনি। সুযোগটা আসে ২০০৯ সালে, জোহানেসবার্গে। সেবার অজিদের প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া।

Advertisement

সাদা পোশাকে ক্যারিয়াদের শুরুটা রাঙাতে ব্যর্থ হন হিউজ। টেস্ট ক্যারিয়ারে নিজের অভিষেক ইনিংসেই শূন্য রানে আউট হয়ে যান। প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসেই ঘুরে দাঁড়ান তিনি। এবার তার ব্যাট থেকে আসে ৭৫ রান। হয়তো আরেকটু চেষ্টা করলেই অভিষেক টেস্টে তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করতে পারতেন এ বাঁ-হাতি ব্যাটার।

একই সিরিজের দ্বিতীয় টেস্টে পরপর দুই ইনিংসে দুটি সেঞ্চুরি হাঁকান হিউজ। হয়তো এই দুই শতকই তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। আর সিরিজের তৃতীয় টেস্টে বড় স্কোর না করলেও দুই ইনিংসেই ৩০ এর বেশি করে সাজঘরে ফেরেন।

সাদা পোশাকের অভিষেকেই দুর্দান্ত শুরুর বার্তা দিলেও শর্ট বলে দুর্বলতা ছিল হিউজের। এজন্য ২০০৯ সালের অ্যাশেজ থেকে ছিটকে যান তিনি। তার পরিবর্তে দলে ফেরেন শেন ওয়াটসন। মর্যাদাপূর্ণ অ্যাশেজে সুযোগ হারিয়ে খানিকটা মর্মাহত হয়েছিলেন। কিন্তু ভাগ্য সবসময় সাহসীদের পক্ষেই থাকে।

২০১০ সালে ঘরের মাঠে পাকিস্তান সিরিজে ডাক পান হিউজ। যে শেন ওয়াটসনের কারণে ছিটকে গিয়েছিলেন পরে তার সঙ্গেই উদ্বোধন শুরু করেন। ফেরাটা অবশ্য সুখের হয়নি তার। কামব্যাক টেস্টেই শূন্য রান করেই সাজঘরে ফেরেন। তবে সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩৭ রান করেন। এরপর আবার সুযোগ হারান এ বাঁ-হাতি ব্যাটার।

অজিদের হয়ে সাদা পোশাকে ফিলিপ হিউজের তৃতীয় সুযোগটি আসে নিউজল্যান্ড সিরিজে। কিউই সফরে দ্বিতীয় ইনিংসে রান তাড়া করতে নেমে ৮৬ রানে অপরাজিত থাকেন।

ক্যারিয়ারের শুরুটা দারুণ হলেও অভিষেকের তিন বছর পেরিয়ে গেলেও দলে নিজের অবস্থান পোক্ত করতে ব্যর্থ হয়েছিলেন হিউজ। কারণ, স্কোয়াডে থাকলেও সুযোগ কাজে লাগাতে না পেরে আবারো ছিটকে যেতেন। কিন্তু তার সঙ্গে ঘটে যাওয়া ২০১৪ সালের দুর্ঘটনা জন্ম থেকে জন্মান্তরে সৃত্মিতে ধারণ করবেন অজি ক্রিকেটাররা।

২০১৪ সালের ২৫ নভেম্বর।  সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ঘরোয়া ক্রিকেট লিগ শেফিল্ড শিল্ড ম্যাচে মুখোমুখি সাউথ অস্ট্রেলিয়া ও নিউ সাউথ ওয়েলস। যেখানে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সাউথ অস্ট্রেলিয়া। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন ফিলিপ হিউজ ও মার্ক ক্রসগ্রভ। তবে ম্যাচচলাকালীনই সিডনির আকাশ ঢেকে যায় ঘন কালো মেঘে!

ব্যাট হাতে উইকেটে হিউজ, অন্যপ্রান্তে তাকে মোকাবিলা করছেন নিউ সাউথ ওয়েলসের বোলার শন অ্যাবট। ওভারের প্রথম দুই বল দেখেশুনে খেললেও তৃতীয় বলটিতেই ঘটে বিপত্তি। অ্যাবটের বাউন্সারে মাটিতে লুটিয়ে পড়েন হিউজ। অবস্থা আশঙ্কাজনক হওয়া তাকে দ্রুতই সিডনির সেন্ট ভিনসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেই সঙ্গে ম্যাচটিও পরিত্যক্ত ঘোষণা করা হয়।

এরপর ২ দিন পরে সেন্ট ভিনসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফিলিপ হিউজ। তার মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় টেস্টের ২য় দিনের খেলা স্থগিত করা হয়। এছাড়াও ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ ও ভারত দলের মধ্যে চলতি খেলাটিও তার প্রতি সমবেদনা জানিয়ে বাতিল করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!