আজ সকালে সিলেটের লাক্কাতুরায় অবস্থিত আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সেই মাহেন্দ্রক্ষণ আসতে খুব বেশি সময় লাগলো না। প্রথমে বড় বাধা হয়ে থাকা ড্যারিল মিচেলকে ফেরালেন নাইম হাসান। এরপর টিম সাউদিকে ফিরিয়ে ৫ উইকেট পূরণ করেন তাইজুল ইসলাম। শেষ উইকেট হিসেবে ইশ সোধিকে ফিরিয়ে দিয়ে ঘরের মাঠে নিউজিল্যান্ডকে ১৫০ রানের ব্যবধানে হারানোর ঐতিহাসিক ক্ষণের জন্ম দিলো বাংলাদেশ।
গত বছর জানুয়ারিতে মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডকে টেস্টে হারিয়েছিলো বাংলাদেশ। কিউইদের ঘরের মাঠে টেস্ট জয়ের কৃতিত্ব গড়েছিল বাংলাদেশ। ওই সময়ে টেস্ট জয়ের উদযাপনে নিজেদেরকে ক্যামেরাবন্দী করেছিলেন ম্যাচ জয়ের নায়ক এবাদত হোসেন। ছবিতে তার ঠিক পরের মুখটিই ছিল তখনকার অধিনায়ক মুমিনুল হক। আর এবারে কিউইবধ উদযাপনের আনন্দঘন মুহূর্ত ক্যামেরাবন্দী করলেন মুমিনুলই।
.png)