ক্রিকেটের মাঠে অলরাউন্ডার বলতেই চোখের সামনে ভেসে উঠে বেশ কয়েকজন কিংবদন্তির নাম। যেখানে উপরের দিকেই থাকবেন গ্যারি সোবার্স, জ্যাক ক্যালিস, ইয়ান বোথাম থেকে শুরু করে হালের সাকিব আল হাসান কিংবা বেন স্টোকস। অথচ সাম্প্রতিক সময়ের ক্রিকেটে সেভাবে অলরাউন্ডারদের দেখা মিলছে না।
আধুনিক ক্রিকেটে দিন যত যাচ্ছে, অলরাউন্ডারের সংখ্যা যেন ততই কমছে। কেন? সেই কারণ জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি জ্যাক ক্যালিস। যাকে ধরা হয় সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে।
.png)
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে ক্যালিস বলেন, ‘এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। অলরাউন্ডার প্রতিদিন আসে না। ইতিহাসেও খুব বেশি নেই। অনেক কিছু দায়ী, ক্রিকেটের পরিমাণও ভূমিকা পালন করেছে।’
সাবেক এ প্রোটিয়া অলরাউন্ডার বলেন, ‘এখনকার সময়ে অলরাউন্ডার কমে যাওয়ার অন্যতম কারণ, অতিরিক্ত ক্রিকেট। আগের চেয়ে অনেক বেশি খেলা হয় এখন। একজন অলরাউন্ডারকে হতে হয় মানসিকভাবে ভীষণ দৃঢ়। দেখা গেল ব্যাট হাতে শতরানের একটি ইনিংস উপহার দিলেন তিনি। পরক্ষণেই দলের বোলিংয়ে তাকে সবার আগে প্রয়োজন। আবার বল হাতে লম্বা স্পেলের পর ব্যাটিংয়ে তাকে দরকার। কিন্তু, দীর্ঘ ক্রিকেটের ক্লান্তি ভর করে তাদের। যা তাদের আগের চেয়ে কম গতিশীল করেছে।’
ক্যালিস আরো যোগ করেন, ‘আইপিএল, বিগব্যাশের মতো টুর্নামেন্টে এখন যোগ হয়েছে সুপার সাব ও ইমপ্যাক্ট প্লেয়ার পদ্ধতি। এই পদ্ধতিটি আমার খুব একটা পছন্দ নয়। এতে ম্যাচের মাঝপথেই দ্বাদশ খেলোয়াড় নামাতে পারে দলগুলো। এটিও প্রভাব ফেলেছে। কারণ, দলে এখন বাড়তি অলরাউন্ডারের প্রয়োজন হয় না। দলগুলো ম্যাচের পরিস্থিতি বুঝে একজন অতিরিক্ত ব্যাটার বা বোলার খেলাতে পারে। ফলে, পিওর অলরাউন্ডারের কদর কমছে।’