ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এশিয়ার আরেকটি দেশ সফর করবে মেসিরা, দেখে নিন সূচি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৪৪, ১৬ ডিসেম্বর ২০২৩
এশিয়ার আরেকটি দেশ সফর করবে মেসিরা, দেখে নিন সূচি
ছবি- সংগৃহীত

আমেরিকার মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন লিওনেল মেসি। গত মৌসুমের মাঝামাঝি সময়ে ক্লাবটিতে নাম লেখান তিনি। এরপরই ক্লাবটির হয়ে একটি শিরোপা জয়ের স্বাদও পেয়েছেন। আপাতত মৌসুম শেষ করে বিশ্রামে আছেন এ আর্জেন্টাইন অধিনায়ক।

মেজর লিগ সকারের নতুন মৌসুম শুরু হতে এখনও লম্বা সময় রয়েছে। এর আগে প্রাক মৌসুম প্রস্তুতিতে নিজেদের ঝালিয়ে নিতে চায় মায়ামি। তারই ধারাবাহিকতায় লিওনেল মেসিকে নিয়ে আগামী বছর এশিয়া সফরে বের হবে এমএলএসের ক্লাবটি। 

ক্লাবটি জানিয়েছে, প্রাক মৌসুমের প্রস্তুতি হিসেবে হংকং ও রিয়াদে ভ্রমণ করবে তারা। সেই তালিকায় নতুন করে যুক্ত হয়েছে জাপানের টোকিও শহরের নাম। সেখানে ক্লাব ভিসেল কোবের সঙ্গে খেলবে মেসির ক্লাব মায়ামি। 

Advertisement

জাপান জে লিগ চ্যাম্পিয়নদের সঙ্গে মুখোমুখি হওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে ইন্টার মায়ামি। শুক্রবার নিজেদের সফরের শেষ গন্তব্য হিসেবে টোকিওকে বেছে নেয়ার কথা জানায় এমএলএসের ক্লাবটি। 

ভিসেল কোবের বিপক্ষে ম্যাচে মায়ামিকে নেতৃত্ব দেবেন মেসি। আশা করা হচ্ছে, ৬০ হাজার দর্শকে ভর্তি জাপানের জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি হবে ৭ ফেব্রুয়ারি। 

টোকিও সফর প্রসঙ্গে ইন্টার মায়ামির প্রধান বিজনেস কর্মকর্তা হাভিয়ের আসেনসি বলেন, ‘টোকিও অনুপ্রেরণামূলক গন্তব্য। তাদের দারুণ এক ফুটবল কমিউনিটি রয়েছে, যাদের সঙ্গে পরিচিত হতে আমরা উন্মুখ হয়ে আছি।’ 

তিনি আরো বলেছেন, ‘আমাদের বৈশ্বিক সমর্থকদের অবিরত উচ্ছ্বাসে ভাসাতে আমাদের আরেকটি গন্তব্য হিসেবে জাপান সফরের জন্য আমরা রোমাঞ্চিত।’

এদিকে বার্সেলোনা ছাড়ার পর ভিসেল কোবেতে যোগ দিয়েছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা। এই স্প্যানিশ মিডফিল্ডার অবশ্য টোকিও ছেড়েছেন। তবে প্রাক্‌ মৌসুমের ম্যাচটি দিয়ে তার সঙ্গে পুনর্মিলন হচ্ছে সাবেক তিন সতীর্থ মেসি, সার্জিও বুসকেটস ও জর্দি আলবার। ক্যাম্প ন্যু ছেড়ে এই তিনজনই ঘর বেঁধেছেন মায়ামিতে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!