ঐতিহাসিক জয় বীর মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করলেন জ্যোতিরা
দক্ষিণ আফ্রিকার মেয়েদের বিপক্ষে রীতিমতো উড়ছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। টি-২০ সিরিজে দুর্দান্ত ক্রিকেট খেলেছে টাইগ্রেসরা। এবার রেকর্ড জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করলো লাল-সবুজের প্রতিনিধিরা।
শনিবার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মেয়েদের মুখোমুখি হয় বাংলাদেশের মেয়েরা। যেখানে প্রোটিয়াদের রীতিমতো উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। এতে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে গেছে সফরকারীরা।
দক্ষিণ আফ্রিকাকে তাদেরই মাটিতে ইতিহাস গড়ে প্রথমবার জয় তুলে নিয়েছে বাংলাদেশ। বিজয় দিবসের রাতে ভিন্ন এক মহাদেশের মাঠ থেকে বাংলাদেশকে দারুণ এক জয় উপহার দিয়েছেন জ্যোতিরা। আর সেই ঐতিহাসিক জয়টা বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধে শহীদের প্রতি উৎসর্গ করেছেন টাইগ্রেস দলপতি জ্যোতি।
.png)
শনিবার ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জ্যোতি বলেন, ‘আজ (শনিবার) আমাদের বিজয় দিবস। তাই আমি এই জয়টা মহান মুক্তিযুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করতে চাই।’
টাইগ্রেস দলপতি আরো বলেন,, ‘আমরা দীর্ঘ দিন ধরে কঠোর পরিশ্রম করে আসছি। দলের মধ্যে বিশ্বাসও জন্মেছে। টিম ম্যানেজমেন্টও অনেক কাজ করেছে। আমরা ভালো ফলের প্রত্যাশায় ছিলাম। যখন প্রত্যাশা পূরণ হয়, তখন সত্যিই ভালো লাগে।’
এ সিরিজটি আইসিসি নারী চ্যাম্পিয়নশিপেরও অংশ। স্বাভাবিকভাবেই নিগারদের সামনে ম্যাচ জয়ের কোনো বিকল্প নেই। তিনি বলেন, ‘এই দুই পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। আগামী ম্যাচগুলো দুই দলের জন্য আরো গুরুত্বপূর্ণ। আমরা কেউই বাছাই পর্বে যেতে চাই না।’