ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

২০২৪ সালে যেসব শিরোপা জিততে পারেন মেসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৪০, ২৫ ডিসেম্বর ২০২৩
২০২৪ সালে যেসব শিরোপা জিততে পারেন মেসি
ফাইল ছবি

কাতার বিশ্বকাপ জয়ের সুখস্মৃতি নিয়ে ২০২৩ সাল শুরু করেছিলেন লিওনেল মেসি। মাঠের পারফরম্যান্সে চলতি বছরও দুর্দান্ত ছিলেন তিনি। আর্জেন্টিনার জার্সিতে কোনো শিরোপা না জিতলেও ক্লাব পর্যায়ে পিএসজির হয়ে দুটি এবং নতুন মৌসুমে ইন্টার মায়ামিতে গিয়ে একটি শিরোপা জিতেছেন তিনি।

২০২৪ সালেও বিশ্বকাপজয়ী মেসির সামনে বেশ কয়েকটি শিরোপা জেতার সুযোগ রয়েছে। আসছে বছরে ক্লাবের পাশাপাশি জাতীয় দলের হয়েও ট্রফি জেতার সুযোগ রয়েছে মেসির সামনে। জাতীয় দলের হয়ে দুটি এবং ক্লাবের হয়ে মেসি অন্তত চারটি ট্রফি জিততে পারেন।

২০২৪ সালে প্রীতি ম্যাচ ও বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ ছাড়াও কোপা আমেরিকার মতো টুর্নামেন্টে মাঠে নামবে আর্জেন্টিনা। এছাড়া অলিম্পিকে সোনা জেতারও সুযোগ রয়েছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের সামনে। অর্থাৎ, ২০২৪ সালে আর্জেন্টিনার জার্সিতে কোপা ও অলিম্পিকের সোনা জিততে পারেন মেসি।

Advertisement

২০২৪ সালে মেসি মেজর লিগ সকারের (এমএলএস) পুরোটাই খেলার সুযোগ পাবেন। জাতীয় দলের দুই শিরোপার পাশাপাশি তৃতীয় শিরোপা হিসেবে মেসি জিততে পারেন ইন্টার-আমেরিকান কাপ। গত মৌসুমে লিগস কাপ জেতার কারণে এই টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছে ইন্টার মায়ামি।

এখানেই শেষ নয়। মেসির সামনে কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগ জেতারও সুযোগ রয়েছে। এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলে ইন্টার মায়ামি বছরের শেষ দিকে গিয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপে খেলার সুযোগ পাবে। এছাড়া মেসির সামনে ইউএস ওপেন কাপের শিরোপা জেতারও সুযোগ থাকছে।

শেষবার এই টুর্নামেন্টের ফাইনালে হেরে রানার্সআপ হয়েছিলেন মেসিরা। এবার নিশ্চয়ই শিরোপা জিততে মুখিয়ে থাকবেন আর্জেন্টাইন অধিনায়ক। এছাড়া লিগস কাপের শিরোপাও ধরে রাখার চ্যালেঞ্জ রয়েছে বিশ্বকাপজয়ী এই ফুটবলারের সামনে। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!