ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মার্শের আক্ষেপ, লড়াইয়ে ফিরল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৫, ২৮ ডিসেম্বর ২০২৩
মার্শের আক্ষেপ, লড়াইয়ে ফিরল পাকিস্তান
ছবি- সংগৃহীত

মেলবোর্নে দিনের শুরুটা হয়েছিল অদ্ভুত এক ঘটনার মধ্য দিয়ে। আর দিনের শেষটাও হলো বেশ নাটকীয়তায়।

বক্সিং ডে টেস্টে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার লিডটা খুব বড় নয়। পাকিস্তানের বিপক্ষে ৫৪ রানের লিড পায় স্বাগতিকরা। দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে ১৬ রানেই ৪ উইকেট হারিয়ে বসেছিল অজিরা। 

মনে হচ্ছিল, প্রথম ইনিংসে পিছিয়ে থেকেও মেলবোর্ন টেস্টের লাগাম হাতে নিয়ে নেবে পাকিস্তান। কিন্তু স্বাগতিক ব্যাটার মিচেল মার্শ পঞ্চম উইকেটে স্টিভেন স্মিথকে নিয়ে গড়লেন দুর্দান্ত প্রতিরোধ। ১৫৩ রানের জুটিতে সফরকারীদের হতাশায় ডোবান তারা।

Advertisement

দিনের শেষ বেলার আক্ষেপ মিচেল মার্শ। মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরি পাননি। ১৩০ বলে ১৩ বাউন্ডারিতে ৯৬ রান করে মীর হামজার শিকার হন তিনি। অথচ এই মার্শ ফিরতে পারতেন ব্যক্তিগত ২০ রানেই। স্লিপে আবদুল্লাহ শফিক সহজ ক্যাচ ফেলে দেন। সেটিই ভুগিয়েছে পাকিস্তানকে।

দিনের শেষ বলে অবশ্য মার্শের জুটি সঙ্গী স্মিথকেও (৫০) সাজঘরে ফিরিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। তাতে একটু স্বস্তি ফিরেছে পাকিস্তান শিবিরে। ৬ উইকেটে ১৮৭ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। তাদের লিড এখন ২৪১ রানের।

এর আগে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে করা ৩১৮ রানের জবাবে আগের দিনই বিপদে পড়েছিল পাকিস্তান। ৬ উইকেটে ১৯৪ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল সফরকারীরা। তৃতীয় দিনের সকালে ২৬৪ রানে অলআউট হয়েছে পাকিস্তান।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!