এমবাপ্পের রিয়ালে যাওয়ার গুঞ্জনে যা বলছে পিএসজি
বিগত কয়েকটি ট্রান্সফার মৌসুম মানে কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে রিয়াল মাদ্রিদ এবং পিএসজির দড়ি টানাটানি। ২০২১ সাল থেকে শুরু হয়ে যা আজও চলমান। তবে এবারই হয়তো এমবাপ্পের পিএসজি ছেড়ে রিয়ালে যাওয়ার শেষ সুযোগ। নয়তো আর কখনোই নয়।
ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে, এরই মধ্যে এমবাপ্পেকে পাওয়ার জন্য নতুন করে চেষ্টা চালাচ্ছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে পিএসজি সভাপতি নাসের আল-খেলাইফি তাকে দলে ধরে রাখতে চান। একইসঙ্গে পিএসজিই এমবাপ্পের জন্য সেরা ক্লাব বলে মন্তব্য করেছেন তিনি।
লিগ ওয়ান চ্যাম্পিয়নদের সঙ্গে এমবাপ্পের বর্তমান চুক্তির মেয়াদ জুনের পর শেষ হয়ে যাচ্ছে। এ অবস্থায় আল-খেলাইফি স্থানীয় ব্রডকাস্টার আরএমসিকে বলেন, ‘কিলিয়ানকে আমি ধরে রাখতে চাই, এ বিষয়ে কোনো গোপনীয়তা রাখতে চাই না। কিলিয়ান বিশ্বের সেরা খেলোয়াড় আর প্যারিস তার জন্য সেরা ক্লাব।’
.png)
২০১১ সালে কাতারি মালিকের কাছে পিএসজি চলে যাওয়ার পর থেকে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা পাওয়ার আশায় ট্রান্সফার মার্কেটে প্রতি বছরই বিপুল অর্থলগ্নি করে চলেছে। কিন্তু কাঙ্ক্ষিত সাফল্য তারা পায়নি। এদিকে আগামী মৌসুমে নতুন ক্লাবে যোগদানের জন্য এমবাপ্পে ফ্রি এজেন্টে পরিণত হবেন।
এমবাপ্পেকে নিয়ে গত দুই বছর যাবত আগ্রহ দেখানো ১৪ বারের ইউরোপীয়ান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ এবার তাই সুযোগ হাতছাড়া করতে চায় না। আল-খেলাইফি বলেছেন, ‘পিএসজিতে বিশ্বের সেরা ট্রেনিং সেন্টার রয়েছে, বিশ্বের সেরা কোচ লুইস এনরিকে রয়েছেন।’
তিনি আরো বলেন, ‘প্রতি বছর আমাদের চ্যাম্পিয়ন্স লিগে খেলার বিষয়টি নিশ্চিত। কমপক্ষে শেষ ষোলো পর্যন্ত আমরা খেলে থাকি। কোয়ার্টার ফাইনাল এমনকি সেমিফাইনাল ও ফাইনালেও খেলার সুযোগ হয়েছে। বিশ্বের বড় ক্লাবগুলোর পাশেই আমরা সবসময় থেকেছি।’