ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ভারতের লিগে খেলবেন সাবিনা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০:৩০, ১১ জানুয়ারি ২০২৪
ভারতের লিগে খেলবেন সাবিনা
সাবিনা খাতুন

ভারতের নারী ফুটবল লিগে খেলার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। দেশটির কর্নাটকের ক্লাব কিকস্টার্ট এফসি তাকে এ প্রস্তাব দিয়েছে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো পার্শ্ববর্তী দেশটিতে খেলার আমন্ত্রণ পেলেন টাইগ্রেস অধিনায়ক।

এরই মধ্যে ভিসার জন্য আবেদনও করেছেন সাবিনা। তিন মাসের চুক্তিতে ক্লাবটির হয়ে খেলবেন অভিজ্ঞ এই ফরোয়ার্ড।

প্রথমবার ২০১৮ সালে সেথু এফসির হয়ে খেলেন সাবিনা খাতুন। দীর্ঘ ৬ বছরের ব্যবধানে আবারও দেশটিতে ফুটবল নৈপুণ্যে মাতাতে যাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক। ভারতীয় লিগে সুযোগ পেলেও সাবিনার সামনে বাধা হিসেবে দেখা দিতে পারে দ্রুত ভিসা প্রাপ্তি।

Advertisement

সাবিনা খাতুন বলেন, তারা আমাকে ৩ মাসের চুক্তিতে দলে নিতে চেয়েছে। গতকালই বাফুফের অনুমতি নিয়ে ভারতীয় ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছি। আগামী ১৭ জানুয়ারি সেথু এফসির বিপক্ষে পরবর্তী ম্যাচে আমাকে দলে চায় কিকস্টার্ট। ভিসার ওপর ক্লাবটির সঙ্গে চুক্তি নির্ভর করছে।

২০১৮ সালে সেথু এফসির হয়ে ৭ ম্যাচে ৬ গোল করেছিলেন সাবিনা। ভারত ছাড়াও মালদ্বীপের নারী ফুটবল লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশ অধিনায়কের। এবার সেই সেথু এফসির বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবেন টাইগ্রেস তারকা। এই দলে বিদেশি কোটায় বাকি দুজন হলেন নেপালিজ ফুটবলার প্রীতি রাই ও দিপা শাহী।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!