ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২৪

রান তাড়ায় ব্যাটিং বিপর্যয়ে ঢাকা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১৯, ৬ ফেব্রুয়ারি ২০২৪
রান তাড়ায় ব্যাটিং বিপর্যয়ে ঢাকা
ছবি- সংগৃহীত

দশম বিপিএলে দ্বিতীয়বারের মতো ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে লড়ছে দুর্দান্ত ঢাকা। যেখানে রংপুরের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ঢাকা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকার সংগ্রহ ১২.৫ ওভারে ছয় উইকেটে ৬৬ রান।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে চার উইকেটে ১৬৫ রান সংগ্রহ করে রংপুর রাইডার্স। এতে ঢাকার সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১৬৬ রান।

Advertisement

রংপুরের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় ঢাকা। দলীয় চার রানেই দুই উইকেট হারিয়ে ফেলে দলটি। ম্যাচের দ্বিতীয় ওভারে সাব্বির হোসেন (১) এবং চতুর্থ ওভারে সাইম আইয়ুবকে (২) সাজঘরে ফেরান শেখ মাহেদী।

শুরুর ধাক্কা সামলে আলেক্স রসকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নেন মোহাম্মদ নাঈম। ব্যাট হাতে স্ট্রাগল করা রস অবশ্য বেশিদূর এগোতে পারেননি। ম্যাচের সপ্তম ওভারে সাকিবের ওপর চড়াও হতে গিয়ে মোহাম্মদ নবীর তালুবন্দী হন তিনি (২)।

ঘরের মাঠে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন গুলবাদিন নাইব (১৩) ও মোসাদ্দেক হোসেনও (১)। তবে রংপুরের বোলারদের বিরুদ্ধে লড়াই করে ৩১ বলে ৪৪ রানের ইনিংস খেলেন নাঈম। তার বিদায়ে ম্যাচ থেকেই ছিটকে যায় দুর্দান্ত ঢাকা।

এখন তাসকিনকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন ইরফান শুক্কুর।

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকা দলপতি মোসাদ্দেক হোসেন। এতে আগে ব্যাটিং করে রংপুর। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন বাবর আজম ও রনি তালুকদার। ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে তারা দুজন। উদ্বোধনী জুটিতে তাদের ব্যাট থেকে আসে ৬৭ রান।

ম্যাচের অষ্টম ওভারে এ জুটিতে আঘাত হানেন আরাফাত সানি। তার ঘূর্ণিতে সাজঘরের পথ ধরেন রনি (৩৯)। পরে ক্রিজে আসেন সাকিব আল হাসান। উইকেটে এসেই ঝোড়ো গতিতে রান তুলতে থাকেন তিনি। এ সময় তাকে সঙ্গ দিচ্ছিলেন বাবর।

ম্যাচের ১৫তম ওভারে ফিফটির পথে থাকা বাবরকে (৪৭) ফেরান মোসাদ্দেক। একই ওভারে আউট হন সাকিবও (৩৪)। মোসাদ্দেকের ঘূর্ণিতে নাঈমের তালুবন্দী হন তিনি।

এরপর বাইশ গজে আসেন আজমতউল্লাহ ওমরজাই। তবে উইকেটে থিতু হওয়ার আগেই সাজঘরের পথ ধরেন তিনি (৩)। শেষ পর্যন্ত মোহাম্মদ নবীর (২৯*) ক্যামিওতে রংপুরের ইনিংস থামে ১৭৫ রানে।

ঢাকার হয়ে সর্বোচ্চ দুই উইকেট শিকার করেন মোসাদ্দেক।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!