ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২৪

জ্যাকসের ঝোড়ো শতকে কুমিল্লার রানপাহাড়

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০৭, ১৩ ফেব্রুয়ারি ২০২৪
জ্যাকসের ঝোড়ো শতকে কুমিল্লার রানপাহাড়
উইল জ্যাকস

দশম বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু হয়েছে আজ। বন্দরনগরীতে দিনের প্রথম ম্যাচে স্বাগতিক চট্টগ্রামের মুখোমুখি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। যেখানে স্বাগতিক বোলারদের তুলোধুনো করে রানপাহাড় গড়েছে লিটন দাসের দল।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২৩৯ রান সংগ্রহ করেছে কুমিল্লা। যা এবারের বিপিএলে দলীয় সর্বোচ্চ সংগ্রহ। এমনকি বিপিএলের ইতিহাসেও যৌথ সর্বোচ্চ রান এটি।

এর আগে ২০১৯ সালে চট্টগ্রামের বিপক্ষেই ২৩৯ করেছিল রংপুর। চট্টগ্রামের মাঠে তাদেরই বিপক্ষে ৪ উইকেট হারিয়ে এই রান করেছিল ফ্র্যাঞ্চাইজিটি।

Advertisement

মঙ্গলবার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন চট্টগ্রামের অধিনায়ক শুভাগত হোম। এতে আগে ব্যাট করে কুমিল্লা। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন লিটন দাস ও উইল জ্যাকস। ইনিংসের প্রথম ওভারটি রয়েসয়ে খেলেন তারা দুজন। 

এরপরেই স্বাগতিক বোলারদের ওপর চড়াও হন তারা দুজন। ম্যাচের অষ্টম ওভারে শহিদুলের গতিতে উইকেট হারান লিটন। তার বিদায়ে ভেঙে যায় তাদের ৮৬ রানের জুটি।

পরে উইকেটে আসেন তাওহীদ হৃদয়। তবে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন আগের ম্যাচ সেঞ্চুরি করা এ ব্যাটার। শহিদুলের বলে লেগ বিফরের ফাঁদে পড়েন তিনি (০)।

এরপর বাইশ গজে আসেন ব্রুক গেস্ট। থিতু হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন এ ব্যাটার। সৈকতের বলে নিহাদের তালুবন্দী হন তিনি (১০)।

পরে ক্রিজে আসেন মঈম আলি। তার সঙ্গে ১২৮ রানের জুটি গড়েন জ্যাকস। সেইসঙ্গে নিজেও ঝোড়ো ব্যাটিং করে সেঞ্চুরি তুলে নিয়েছেন জ্যাকস। শেষ পর্যন্ত জ্যাকস ১০৮ ও মঈম ৫৩ রানে অপরাজিত ছিলেন।

চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট শিকার করেন শহিদুল ইসলাম। এছাড়া একটি উইকেট নিয়েছেন সৈকত আলী।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!