ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব

বাংলাদেশের বিপক্ষে নামার আগে ফিলিস্তিন দলে চোটের হানা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪০, ১৭ মার্চ ২০২৪
বাংলাদেশের বিপক্ষে নামার আগে ফিলিস্তিন দলে চোটের হানা
ছবি- সংগৃহীত

ক’দিন পরেই বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ফিলিস্তিন ফুটবল দল। কুয়েতে অনুষ্ঠেয় ম্যাচের আগেই চোট হানা দিয়েছে ফিলিস্তিনের ডেরায়। এতে জামাল ভূঁইয়াদের বিপক্ষে গুরুত্বপূর্ণ তিন ফুটবলারকে পাচ্ছে না মধ্যপ্রাচ্যের দেশটি।

বাংলাদেশ ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে ফিলিস্তিন। তবে ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে দুটি ম্যাচে তিন ফুটবলারকে পাচ্ছে না মধ্যপ্রাচ্যের দেশটি। 

তাদের মধ্যে অন্যতম উইঙ্গার তামের সায়েম। সর্বশেষ এশিয়ান কাপে চারটি ম্যাচেই শুরুর একাদশে খেলেছেন তিনি। ইরানের বিপক্ষে গোলও করেছিলেন এই উইঙ্গার। তার সঙ্গে দুই মিডফিল্ডার মাহমোদ ওয়াদি ও আতা জাবের চোটগ্রস্ত হওয়ায় পূর্ণ শক্তির দল পাচ্ছে না ফিলিস্তিন।

Advertisement

বেশির ভাগ খেলোয়াড় এশিয়ার বিভিন্ন ক্লাবে খেলার কারণে এখনো ক্যাম্প শুরু করেনি ফিলিস্তিন। প্রথম লেগের ভেন্যু কুয়েতে আজই পুরো দল একসঙ্গে হওয়ার কথা রয়েছে।

এশিয়ান কাপে দারুণ নৈপুণ্য দেখিয়েছে যুদ্ধবিধ্বস্ত দেশটি। খেলেছে রাউন্ড অব সিক্সটিনে। বিশ্বকাপ বাছাইয়ে আগের দুই ম্যাচে লেবাননের সঙ্গে ড্রয়ের পর শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ১-০ গোলে।

আগামী ২১ মার্চ দিবাগত রাতে কুয়েতের আল আহমদ আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে প্রথম লেগের ম্যাচ। তার আগে আজ দুপুরে কুয়েতের উদ্দেশে রওনা দিয়েছে বাংলাদেশ দল।

সুদানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের একটিতে ড্র এবং অন্যটিতে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। এর পরও সৌদি আরবে দুই সপ্তাহের প্রস্তুতিতে সন্তুষ্টির কথাই বলেছেন হ্যাভিয়ের ক্যাবরেরা।

এদিকে চোটের কারণে বাংলাদেশ দলের সঙ্গী হতে পারেননি তারিক কাজী ও শেখ মোরসালিন। চোট নিয়েই দলের সঙ্গে সৌদি আরব যাওয়া সাদ উদ্দিন এখনো নিজেকে ফিরে পেতে লড়ছেন। পুরোদমে অনুশীলনে ফেরা হয়নি তার। ম্যাচের আগে পুরোপুরি ফিট হতে পারবেন কিনা সেটি এখনো নিশ্চিত নয়।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!