ওয়েম্বলি স্টেডিয়ামে ব্রাজিলের একমাত্র গোলটি করেছেন বিস্ময়-বালক এনদ্রিক। ১৭ বছর ৮ মাস ২ দিন বয়সী এনদ্রিকই এখন একবিংশ শতাব্দীতে ব্রাজিলের সর্বকনিষ্ঠ গোলদাতা। আর সব মিলিয়ে চতুর্থ সর্বকনিষ্ঠ।
সাম্প্রতিক সময়ে জিততে যেন ভুলেই গিয়েছিল ব্রাজিল। টানা তিন হারের পর অবশেষে দূর হলো সেই তিক্ততা। ইংল্যান্ডকে হারিয়ে জাতীয় দলের কোচিং ক্যারিয়ারের শুভ সূচনা ডরিভাল জুনিয়রের।
.png)
২০০৯ সালের পর থ্রি লায়ন্সদের বিপক্ষে সেলেসাওদের প্রথম জয়। এমন জয়ের পর ব্রাজিলের নতুন কোচ আগামীর প্রতিপক্ষদের একটি হুমকিই দিয়ে রাখলেন।
তিনি বলেন, ‘নিশ্চিতভাবেই এটা দারুণ এক মুহূর্ত। ইংল্যান্ডের মাটিতে ব্রাজিল অল্প কয়েকটি ম্যাচেই জয় পেয়েছে। এই জয়ই আমাদের দল সম্পর্কে ধারণা দেয়। এই ধারা থেকে সরে গেলে হবে না। আমাদের কাজের মাত্র শুরু।’
ডরিভাল বলেন, ‘এই ছেলেদের ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে। এই দলের কাছ থেকে আমি আরো অনেক কিছু আশা করছি। এখন পর্যন্ত এনদ্রিক যে মনোভাব দেখিয়েছে, ব্রাজিল ও বিশ্ব ফুটবলের জন্য খুব গুরুত্বপূর্ণ এক নাম হতে পারে সে।’