সোমবার সানরাইজার্স হায়দরাবাদকে ৭ উইকেটে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। এই জয়ে কাগজে কলমে প্লে অফ খেলার সম্ভাবনা বেঁচে আছে দলটির। তবে সেই কাগজে-কলমের হিসেবটা ঠিক বুঝে উঠতে পারছেন না মুম্বাইয়ের দলপতি হার্দিক পান্ডিয়া।
এদিন ম্যাচ শেষে সঞ্চালক সঞ্জয় মাঞ্জরেকার যখন পান্ডিয়াকে জানালেন, এখনো প্লে-অফ খেলার সমীকরণ টিকে আছে- এ নিয়ে ভাবছেন না বলে জানিয়ে দিয়েছেন পান্ডিয়া।
.png)
এখন মুম্বাইকে শুধু বাকি জিতলেই হবে না। অন্য সব ম্যাচেও কঠিন সব সমীকরণের আশায় বসে থাকতে হবে তাদের। পান্ডিয়া এসব কঠিন হিসেবের মধ্যে ঢুকতে চান না, ‘কোন ধরনের অঙ্কের হিসাব নিয়ে কথা বলছি, এ নিয়ে আমার ধারণা নেই। আমরা শুধু ভালো ক্রিকেট খেলায় মনোযোগ দিতে চাই।’
হায়দরাবাদের বিপক্ষে ম্যাচের রূপ বদলে দিয়েছেন মুম্বাইয়ের অভিজ্ঞ স্পিনার পীযূষ চাওলা। এই লেগ স্পিনারই আউট করেছেন হেডকে। পরে ক্লাসেনকেও তুলে নিয়েছেন তিনি।
পান্ডিয়া তাই আলাদা করে পীযূষের প্রশংসা করেছেন, ‘চাওলাকে আজ মাঠের ছোট সীমানার দিকে বল করতে হয়েছে। তাকে নিখুঁত থাকতে হয়েছে। ইদানীং বোলারদের ভুল করার সুযোগ খুব কম থাকে।’
এবারের আসরে প্লে-অফ নিশ্চিত করতে হলে আগামী দুই ম্যাচ শুধু জিতলেই হবে না মুম্বাইয়ের। নিজেদের রানরেট অনেক বাড়িয়ে নিতে হবে এবং আশা করতে হবে লখনৌ, হায়দরাবাদ ও চেন্নাইয়ের মধ্যে অন্তত দুই দল যেন বাকি সব ম্যাচে হারে।