ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

টাইগারদের বিশ্বকাপ প্রস্তুতি কেমন হয়েছে, জানালেন হাথুরুসিংহে

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০৮, ১৫ মে ২০২৪
টাইগারদের বিশ্বকাপ প্রস্তুতি কেমন হয়েছে, জানালেন হাথুরুসিংহে
ফাইল ফটো

আগামী ১ জুন থেকে শুরু হবে টি-২০ বিশ্বকাপের নবম আসর। আর ৮ জুন নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ দল। যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলংকা।

আসন্ন টি-২০ বিশ্বকাপকে ঘিরে মঙ্গলবার দুপুরে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। যেখানে টাইগারদের নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। আর তার ডেপুটি করা হয়েছে তাসকিন আহমেদকে।

এদিকে বিশ্বকাপ খেলতে বুধবার মধ্য রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে বিমান ধরবে বাংলাদেশ দল। এর আগে এদিন সকালে অনুশীলনে ঘাম ঝরিয়েছেন টাইগার ক্রিকেটাররা। 

Advertisement

বাংলাদেশ দলের প্রস্তুতি নিয়ে হাথুরুসিংহে বলেন, ‘প্রস্তুতি আমার মনে হয় ভালো হয়েছে। চট্টগ্রামে ভালো ক্যাম্প হয়েছে। জিম্বাবুয়ের সঙ্গে পাঁচটা ম্যাচ পেয়েছি। যেখানে আমরা অনেককেই ম্যাচের বিভিন্ন পরিস্থিতিতে খেলিয়ে দেখেছি। কিছু দুশ্চিন্তা আছে কয়েকজনকে নিয়ে। তবে সব মিলিয়ে ভালোই হচ্ছে।’

বিশ্বকাপে নিজেদের প্রত্যাশা নিয়ে এই লঙ্কান কোচ বলেন, ‘আমরা ভালো ক্রিকেট খেলছি, আইসিসি ইভেন্টের বাইরে। আমিও জানি, দেশের প্রত্যাশা আছে বড় কিছু করার। আমাদেরও তা–ই। প্রথম লক্ষ্য হচ্ছে, গ্রুপ পর্ব পার করা। বাকিটা তখন দেখা যাবে।’

তিনি আরো বলেন, ‘আমাদের ঐ দেশের (যুক্তরাষ্ট্র) সঙ্গে মানিয়ে নিতে হবে। যুক্তরাষ্ট্রে খেলা আমাদের সবার জন্যই নতুন অভিজ্ঞতা। আমাদের টাইমজোন, আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে হবে। হয়তো দু-একটি সমন্বয়ও চেষ্টা করব। তার মানে মূল খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া...।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!