ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

পরিবারের ২৬ সদস্যের সামনে বড় ঘোষণার পরিকল্পনা, অতঃপর...

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:৪৮, ১৯ মে ২০২৪
পরিবারের ২৬ সদস্যের সামনে বড় ঘোষণার পরিকল্পনা, অতঃপর...
দীনেশ কার্তিক। ছবি- সংগৃহীত

আইপিএল ক্যারিয়ারের শেষ ম্যাচ ছিল! কিন্তু ভাগ্য সহায় হয়েছিল দীনেশ কার্তিকের। তাই রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর এই ব্যাটারের ক্যারিয়ারে আরেকটু লম্বা হচ্ছে।

এবারের আইপিএল খেলেই অবসর নেয়ার সিদ্ধান্ত আগেই নিয়ে রেখেছিলেন দীনেশ কার্তিক। সেই হিসেবে শনিবার ঘরের মাঠে চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচটিই ছিল তার ক্যারিয়ারের শেষ ম্যাচ। কিন্তু চেন্নাইকে হারানোয় তার ক্যারিয়ারটা লম্বা হলো। কারণ, প্লে-অফে জায়গা করে নিয়েছে ফাফ ডু প্লেসির দল।

এদিন বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে ২১৮ রান করে ব্যাঙ্গালুরু। প্লে-অফে উঠতে হলে চেন্নাইকে ২০০ রানের মধ্যে আটকাতে হতো ব্যাঙ্গালুরুকে। সেটাই করে দেখান বোলাররা। স্বাগতিকরা জয় পায় ২৭ রানে।

Advertisement

এই জয়ের ফলে ব্যাঙ্গালুরুর পয়েন্ট হয় ১৪। চেন্নাইয়ের সমান পয়েন্ট হলেও নেট রানরেটের বিচারে প্রথম চার নিশ্চিত হয় কোহলিদের। শেষ ম্যাচ হেরে আইপিএল থেকে বিদায় নিতে হয়েছে গতবারের চ্যাম্পিয়ন মহেন্দ্র সিং ধোনিদের।

এদিন কার্তিকে ম্যাচ উপভোগ করতে গ্যালারিতে হাজির হয়েছিলেন তার পরিবারের ২৬জন সদস্য। বিষয়টি জানিয়ে কার্তিক বলেন, ‘সত্যি বলতে প্রথম আট ম্যাচের সাতটা হারার পর চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে অবসর ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। চেয়েছিলাম পরিবারের সকলের সামনে শেষ ম্যাচ খেলতে। পরিবারের ২৬জনকে এই ম্যাচ দেখতে আসার অনুরোধ করেছিলাম। আমি আর খেলব না শুনে বিরাট কোহলির মনও খারাপ ছিল। একটা সময় পর্যন্ত মনে হচ্ছিল, ক্রিকেটার হিসেবে শেষ দিন এটাই। সবাইকে বিদায় জানাতে হবে। কিন্তু দলের সবাই বোধহয় অন্য রকম ভেবেছিল। চেয়েছিল আমি আরও কয়েকটা ম্যাচ খেলে অবসর নিই।’

চেন্নাইয়ের বিপক্ষে জয়ের জন্য সতীর্থদের ধন্যবাদ জানিয়ে কার্তিক বলেন, ‘আমার কাছে এই দিনটা একটু আলাদা হয়ে থাকবে। কারণ আমি যেটা ভেবেছিলাম, প্রায় সব কিছুই তার বিরুদ্ধে গেছে। ভালোই হয়েছে। আমরা দল হিসেবে ঠিক কেমন, সেটা মাঠে প্রমাণ করতে পেরেছি। আমাদের দলের এই যাত্রাটা মনে রাখার মতোই।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!