ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

বুড়োদের নিয়ে আক্ষেপ ঘোচাতে চায় ভারত

আশরাফুল ইসলাম আকাশ
প্রকাশিত: ১৫:৩১, ২৩ মে ২০২৪
বুড়োদের নিয়ে আক্ষেপ ঘোচাতে চায় ভারত
কোলাজ- ডেইলি বাংলাদেশ

ক’দিন পরেই মাঠে গড়াবে আইসিসি টি-২০ বিশ্বকাপের নবম আসর। এবারের আসরের আয়োজক যৌথভাবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। দুই দেশের ৯ ভেন্যুতে আগামী ২ জুন থেকে শুরু হবে কুড়ি ওভারের বিশ্বযজ্ঞ।

আসন্ন বিশ্বকাপে অংশ নেবে ২০ দল। যেখানে গত আসরের সেরা আট দল বিশ্বকাপ নিশ্চিত করেছিল আগেই। এর সঙ্গে অটোমেটিক চয়েজে বিশ্বকাপের টিকিট পায় সেরা র‌্যাংকিংয়ে অবস্থান করা দুদল এবং আয়োজকরা। বাকি ৮ দলকে বিশ্বকাপের টিকিট পেতে আঞ্চলিক পর্যায়ে লড়াই করতে হয়েছে। সেই ধারাবাহিকতায় আফ্রিকা, ইউরোপ, এশিয়া থেকে দুটি করে দল সুযোগ পেয়েছে। সেইসঙ্গে আমেরিকা এবং ইস্ট-এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে একটি করে দল বিশ্বকাপে খেলবে।

আগামী ২৯ জুন ফাইনালের মধ্যে দিয়ে ৩০ দিনব্যাপী ৫৫ ম্যাচের এই টুর্নামেন্টের সমাপ্তি ঘটবে।

Advertisement

এবারের টি-২০ বিশ্বকাপ মাঠে গড়াবে গ্রুপ পদ্ধতিতে। চার গ্রুপ থেকে দুটি করে সেরা দল জায়গা করে নিবে সুপার এইটে। এই স্টেজেও দুটি গ্রুপ থাকবে। প্রতিটি গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ ২ দল সেমিফাইনালে খেলার সুযোগ পাবে। 

বৈশ্বিক আসরকে সামনে রেখে এরই মধ্যে স্কোয়াড ঘোষণা করেছে ১৯টি দল। বাকি রয়েছে পাকিস্তান ক্রিকেট দল। জানা গেছে, শিগগিরই তারাও স্কোয়াড ঘোষণা করবে। কুড়ি ওভারের এই টুর্নামেন্টে কোন দলের স্কোয়াডে কারা আছেন, তাদের শক্তিমত্তা কেমন সেসব নিয়েই ডেইলি বাংলাদেশের পাঠকদের জন্য এ আয়োজন।

উইন্ডিজ-যুক্তরাষ্ট্র বিশ্বকাপে অংশ নেয়া দলগুলোর স্কোয়াড নিয়ে ২০ পর্বের সিরিজ সাজানো হয়েছে। যার চতুর্থ পর্বে থাকছে ভারতের বিশ্বকাপ স্কোয়াড ও দলটির বিভিন্ন তথ্য।

ভারতীয় ক্রিকেট দলযেদিন বিশ্বকাপ মিশন শুরু করবে ভারত

আগামী ২ জুন থেকে মাঠে গড়াবে টি-২০ বিশ্বকাপের নবম আসর। এই টুর্নামেন্টে আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু করবে ভারত। ম্যাচটি হবে ৫ জুন। সেই হিসেবে আর ১৩ দিন পর মাঠে নামবে তারা। তারই ধারাবাহিকতায় ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

এবারের বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ রোহিত শর্মা। তবে স্কোয়াডে জায়গা পাওয়া নিয়ে শঙ্কা থাকলেও রোহিতের ডেপুটি হয়েছেন হার্দিক পান্ডিয়া। 

আইপিএলে ব্যাট হাতে উড়ন্ত ফর্মে ছিলেন বিরাট কোহলি। স্বাভাবিকভাবেই বিশ্বকাপ দলেও জায়গা হয়েছে তার। দীর্ঘদিন মাঠের বাইরে থাকা রিশাভ পান্ট এবং আইপিএলে পারফর্ম করে দলে ফিরেছেন যুবেন্দ্র চাহাল ও স্যাঞ্জু স্যামসনের মতো তারকা।

তবে চমক জাগিয়ে ১৫ সদস্যের দলে জায়গা হয়নি রিঙ্কু সিংয়ের। তিনি যুক্তরাষ্ট্রের বিমান ধরবেন ট্রাভেলিং রিজার্ভ হিসেবে। অন্যদিকে অফফর্মে থাকলেও দলের সঙ্গে বিশ্বকাপে যাবেন শুভমান গিল। 

আসন্ন বিশ্বকাপের ‘এ’ গ্রুপে রয়েছে ভারত। যেখানে তাদের প্রতিপক্ষ পাকিস্তান, যুক্তরাষ্ট্র, কানাডা ও আয়ারল্যান্ড।

শক্তিশালী ব্যাটিং ইউনিট

বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি দলটির ব্যাটিং ইউনিটেরও নেতা হবেন রোহিত শর্মা। স্বস্তির পাত্র হবেন অভিজ্ঞ বিরাট কোহলি, যশস্বী জসওয়াল ও সূর্যকুমার যাদব। তবে পান্ট ও স্যামসনের মধ্যে শীতল লড়াই চলবে। কারণ, উইকেটরক্ষকের পাশাপাশি ব্যাট হাতেও ভয়ংকর হয়ে উঠতে পারেন তারা। যদিও একসঙ্গে তাদের দুজনের জায়গা পাওয়া কঠিনই হবে। এমন পথে হাটবে না টিম ম্যানেজমেন্টও।

ভারতের ট্রাম্পকার্ড হবেন রবীন্দ্র জাদেজা। ছবি- সংগৃহীতট্রাম্প কার্ড হবেন অলরাউন্ডাররা

ভারতীয় ক্রিকেট দলের অন্যতম অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। প্রয়োজন বুঝে নিজের কাজটি ভালোই করতে জানেন এই তারকা। নিজের দিনে ব্যাটিং-বোলিং দুই ইউনিটেই ভয়ানক হতে পারেন তিনি। আসন্ন বিশ্বকাপে তার সঙ্গে পারফর্ম করবেন হার্দিক পান্ডিয়া, শিভম দুবে। তবে কম্বিনেশন বিবেচনায় একাদশের বাইরে থাকতে পারেন বাঁহাতি স্পিন অলরাউন্ডার আক্সার প্যাটেল।

ব্যাটারদের মনে ভয় ধরাবেন সিরাজ-বুমরাহ

ডেথ বোলিংয়ে জাসপ্রিত বুমরাহ কতটা ভয়ানক, সেটি নতুন করে না বললেও চলে। বিশ্বকাপে ভারতের পেস ইউনিটের নেতা হবেন তিনিই। তার সঙ্গে বল হাতে ঝড় তুলবেন মোহাম্মদ সিরাজ। আছেণ আর্শদীপ সিংও।

গতি তারকাদের পাশাপাশি স্পিন ঘূর্ণিতে দেখাবেন কুলদীপ যাদব ও যুবেন্দ্র চাহাল। এখন দেখার বিষয় সেরা একাদশে সুযোগ পান কে?

ভারতের পেস বোলিং ইউনিটের নেতা হবেন জাসপ্রীত বুমরাহ। ছবি- সংগৃহীতবিশ্বকাপে ভারতের ১৫ সদস্যের স্কোয়াড-

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জসওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশাভ পান্ট (উইকেটরক্ষক), সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), শিভম দুবে, রবীন্দ্র জাদেজা, আক্সার প্যাটেল, কুলদীপ যাদব, যুবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।

রিজার্ভ: শুভমান গিল, রিংকু সিং, খলিল আহমেদ, আভেশ খান।

বিশ্বকাপে ভারতের ম্যাচের সূচি-

তারিখ প্রতিপক্ষ ভেন্যু
৫ জুন ২০২৪ আয়ার‌ল্যান্ড নিউইয়র্ক
৯ ‍জুন ২০২৪ পাকিস্তান নিউইয়র্ক
১২ জুন ২০২৪ যুক্তরাষ্ট্র নিউইয়র্ক
১৫ জুন ২০২৪ কানাডা ফ্লোরিডা
ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!