ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মেসি-সুয়ারেজকে ছাড়াই কানাডায় দাপট দেখালো মায়ামি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:১১, ২৬ মে ২০২৪
মেসি-সুয়ারেজকে ছাড়াই কানাডায় দাপট দেখালো মায়ামি
ছবি- সংগৃহীত

কথা ছিল দলের সঙ্গে কানাডার বিমান ধরবেন লিওনেল মেসি। এই সফরে দেশটির ক্লাব ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের বিপক্ষে মাঠে নামবেন তারা। তাতে ম্যাচটির টিকিট বিক্রি হয়েছিল দেদার। কারণ, গ্যালারিতে বসে মেসির খেলা উপভোগ করবেন তারা।

তবে ম্যাচটি মাঠে গড়ানোর আগেই দর্শকদের সেই আশায় গুড়েবালি। কেননা লম্বা ভ্রমণের ধকল এড়াতে ভ্যাঙ্কুভারের বিপক্ষে ম্যাচে মেসিকে দেওয়া হয় বিশ্রাম।

এই সফরে শুধু মেসিই নন, বিশ্রাম পেয়েছিলেন লুইস সুয়ারজে ও সার্জিও বুসকেটসও। তাদের না দেখার হতাশা থাকলেও কানাডার বিসি প্যালেস স্টেডিয়ামের গ্যালারিতে দর্শক উপস্থিতি মোটেই কম ছিল না। যদিও শেষ পর্যন্ত সফরকারীদের বিপক্ষে নিজ দলের জয় দেখে মাঠ ছাড়তে পারেনি ভ্যাঙ্কুভারের সমর্থকরা।

Advertisement

মেসি-সুয়ারেজ-বুসকেটসকে ছাড়াই ভ্যাঙ্কুভারের বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছে খর্বশক্তির মায়ামি। দলের হয়ে গোল করেন রর্বাট টেইলর ও লিওনার্দো কাম্পানা। পেনাল্টি থেকে অবশ্য একটি করে স্বাগতিকদের রায়ান গাল্ড। তবে পেনাল্টি থেকে পাওয়া গোলটি ভ্যাঙ্কুভারের হার এড়াতে পারেনি।

গোটা ম্যাচে আক্রমণ ও বল দখলে এগিয়ে ছিল স্বাগতিকরাই। ৫২ শতাংশ বলের দখল রেখে ১৬টি শট নেয় তারা, যদিও লক্ষ্যে রাখতে পারে মাত্র ২টি শট। বিপরীতে মায়ামি ৯ শটের ছয়টিই লক্ষ্যে রাখে এবং সুযোগও কাজে লাগায়। 

এদিন ম্যাচের প্রথমার্ধের ৩৮তম মিনিটে জর্দি আলবার ডিফেন্স চেরা পাস থেকে দারুণ এক ফিনিশিংয়ে মায়ামিকে এগিয়ে দেন টেইলর।

বিরতিতে থেকে ফিরে ৫৪তম মিনিটে মায়ামির দ্বিতীয় গোলটি ছিল দলীয় এক আক্রমণের ফসল। এবার টেলরের কাছ থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন কাম্পানা।

এই জয়ে লিগের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় শীর্ষ স্থান ধরে রাখল মায়ামি। ১৬ ম্যাচ শেষে ১০ জয়, ৪ ড্র এবং ২ হারে মায়ামির পয়েন্ট ৩৪। আর এক ম্যাচ কম খেলে দুই নম্বরে থাকা সিনসিনাটির পয়েন্ট ৩৩।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!