লঙ্কানদের হারাতে যেখানে আত্মবিশ্বাস খুঁজছে নেপাল
নবম টি-২০ বিশ্বকাপের পর্দা উঠেছে। চলমান আসরে কাগজে-কলমে শক্তিতে পিছিয়ে থাকা দলগুলো দেখাচ্ছে চমক। আইসিসির সহযোগী দেশগুলোর পারফরম্যান্সে অনুপ্রাণিত এশিয়ার দেশ নেপালও। তারই ধারাবাহিকতায় সাবেক বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলংকাকে হারাতে আত্মবিশ্বাসী তারা।
বুধবার ফ্লোরিডার লডারহিলে বিশ্বকাপের ‘ডি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে নেপাল ও শ্রীলংকা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায়। এই ম্যাচটি দেখা যাবে নাগরিক টিভি।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে নেপাল অধিনায়ক রোহিত পৌদেল বলেন, ম্যাচে তারা নয়, চাপে থাকবে লঙ্কানরা।
.png)
লঙ্কানদের হারাতে আত্মবিশ্বাসী নেপাল অধিনায়ক, ‘হ্যাঁ, অবশ্যই (শ্রীলংকাকে হারাতে আশাবাদী)। এই বিশ্বকাপে সহযোগী দলগুলো টেস্ট খেলুড়ে দেশগুলোকে হারাচ্ছে। আর এটা আমাদের সবার জন্য অনুপ্রেরণা, বিশেষ করে, আগামীকালের ম্যাচের জন্য। তাই দল হিসেবে বিশ্বাস করি, আগামীকাল আমরা জিতব।’
শ্রীলংকা ম্যাচটি এবারের টি-২০ বিশ্বকাপ আসরে নেপালের দ্বিতীয়। প্রথম ম্যাচে তারা হেরেছে নেদারল্যান্ডসের বিপক্ষে। আর শ্রীলংকা নিজেদের প্রথম দুই ম্যাচ দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে হেরেছে। তাই নেপালের বিপক্ষে লঙ্কানদের জয়ের বিকল্প নেই সুপার এইটের আশা বাঁচিয়ে রাখতে।
চাপ তৈরি করে ম্যাচ জিততে মরিয়া রোহিত, ‘এই টুর্নামেন্টে তাকালে দেখা যাবে অনেক উত্থান-পতন হয়েছে। তাই আমরা বিশ্বাস করি, দল হিসেবে আমাদের চেয়ে বেশি চাপ থাকে টেস্ট খেলুড়ে দেশের ওপর। আমরা চাপটা কাজে লাগাব, চাপ তৈরি করব। ম্যাচটা আমরা জিততে চাই।’