ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অবসরের ঘোষণা দিলেন দুই দেশের হয়ে খেলা এই ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:২২, ১৬ জুন ২০২৪
অবসরের ঘোষণা দিলেন দুই দেশের হয়ে খেলা এই ক্রিকেটার
ছবি- সংগৃহীত

ক্যারিয়ারের শুরুতে দক্ষিণ আফ্রিকার হয়ে মাঠ মাতিয়েছেন। প্রোটিয়াদের জার্সি তুলে রেখে বাবার জন্মসূত্রে নামিবিয়ার হয়ে খেলেছেন ডেভিড ভিসা। দুই দেশের হয়ে খেলা আন্তর্জাতিক ক্রিকেট খেলা এই অলরাউন্ডার অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও ঘরোয়া ক্রিকেট খেলে যেতে চান তিনি।

চলমান টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি খেলেই অবসরের সিদ্ধান্ত নেন ৩৯ বছর বয়সী নামিবিয়ার এই ক্রিকেটার। এবারের আসরে আগেই বিদায় নিশ্চিত হয়েছে নামিবিয়ার। 

শনিবার গ্রুপের শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরেছে তারা ৪১ রানে। নামিবিয়ার হয়ে শেষ ম্যাচে ১ উইকেট নিয়েছেন ভিসা। পাশাপাশি ব্যাট হাতে করেছেন ১২ বলে ২৭ রান। ম্যাচের পর ভিসা বলেন, ‘আসলে পরবর্তী বিশ্বকাপ এখনও দুই বছর পর। আমার বয়স ৩৯। যদি আন্তর্জাতিক ক্রিকেটের কথা বলা হয় তাহলে আমি জানি না আর কতটুকু অবশিষ্ট আছে।’

Advertisement

ক্রিকেটকে এখনই পুরোপুরি বিদায় বলছেন না ভিসা। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও আরও কয়েক বছর ক্রিকেট খেলতে চান এই অলরাউন্ডার। 

ভিসা বলেন, ‘অবশ্যই আমি খেলাটা আরও কয়েক বছর খেলে যেতে চাই। মনে হয় এখনও অবদান রাখার মতো অনেক কিছু আমার মাঝে আছে। তবে নামিবিয়ার হয়ে ক্যারিয়ার শেষ করার জন্য এর চেয়ে বিশেষ মঞ্চ আর কী হতে পারে। তাদের সঙ্গে আমার অনেক ভালো সময় কেটেছে। এবং তাদের হয়ে শেষ ম্যাচটাও আবার বিশ্বকাপে ইংল্যান্ডের মতো বিশ্বসেরা দলের বিপক্ষে; আমার মনে হয় এটাই শেষ বলার উপযুক্ত সময়।’

উল্লেখ্য, ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার হয়ে শ্রীলংকার বিপক্ষে টি-২০ দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল ভিসার। ২০১৬ সাল পর্যন্ত প্রোটিয়াদের হয়ে খেলেছেন তিনি। 

এরপর বাবার জন্মসূত্রে নামিবিয়ার হয়ে খেলার যোগ্যতা অর্জন করেন ২০২১ সালে। সেই বছর টি-২০ বিশ্বকাপের আগে নামিবিয়ার হয়ে অভিষেক হয় তার। 

নামিবিয়ার হয়ে ৩৪টি টি-২০ ও ৯টি ওয়ানডে খেলেছেন ভিসা। নামিবিয়ার হয়ে সীমিত ওভারে ৭৬০ রান করার পাশাপাশি ৪১টি উইকেট নিয়েছেন। 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!