ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কোপায় নামার আগে ‘তেতো’ সত্য বললেন মেসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:১৪, ২০ জুন ২০২৪
কোপায় নামার আগে ‘তেতো’ সত্য বললেন মেসি
লিওনেল মেসি। ছবি- সংগৃহীত

রাত পোহালেই পর্দা উঠবে কোপা আমেরিকার ৪৮তম আসরের। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যেখানে তাদের প্রতিপক্ষ কানাডা। এই ম্যাচের আগে মেসি বলেছেন, বিশ্বচ্যাম্পিয়ন হলেই কোপা আমেরিকা জেতা যাবে না।

শুক্রবার আটলান্টার মার্সিটিজ বেঞ্জ স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা-কানাডা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬টায়। এই ম্যাচের আগে সংবাদ মাধ্যমকে মেসি বলেছেন, ‘আমরা বলতেই পারি, আমরা বিশ্বের সেরা দল। কারণ আমরা বিশ্বচ্যাম্পিয়ন। কিন্তু এর মানে এই নয় যে, আমরা হেঁটে হেঁটে কোপা আমেরিকা জিতব।’ 

লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অংশ নেয়া সব দলই প্রায় সমান বলেও উল্লেখ করেছেন মেসি, ‘সব দলই প্রতিযোগিতাপূর্ণ, খুবই সমপর্যায়ের লড়াই হবে। ইকুয়েডর তরুণ প্রজন্মের খুবই শক্তিশালী একটা দল। তাদের লক্ষ্য পরিষ্কার, শারীরিকভাবে শক্তিশালী। তাদের মতো কলম্বিয়া, উরুগুয়ে আছে। ব্রাজিলের কথা তো বলাই লাগে না। সেজন্য শিরোপা জিততে আমাদের দলকে একই রকম, হয়তো আরো বেশি ভালো খেলতে হবে।’ 

Advertisement

নেইমার না থাকলেও কোপা আমেরিকা জয়ের অন্যতম দাবিদার ব্রাজিল জানিয়ে মেসি বলেন, ‘নেইমার নেই এটা হতাশার, তবে ওদের লাখ লাখ ফুটবলার আছে। ব্রাজিলের সবসময় অনেক খেলোয়াড় থাকে, ওরা পুরোপুরিই আলাদা। ওদের খুব শক্তিশালী ও প্রতিযোগিতাপূর্ণ দল রয়েছে। আর্জেন্টিনার মতো ব্রাজিলও শিরোপার দাবিদার।’ 

গুঞ্জন আছে, কোপা আমেরিকা দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করতে পারেন মেসি। নিশ্চিত করে কিছু না বললেও ইন্টার মায়ামি তারকা স্বীকার করেছেন জাতীয় দলে তার সময় ফুরিয়ে আসছে।

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, ‘দলের সঙ্গে মুহূর্তগুলো খুবই মূল্য দিচ্ছি। কারণ আমি জানি, আমার হাতে খুব কম সময় আছে। আমি এই মুহূর্তগুলো মিস করবো।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!