ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ

দুই সাকিবকে টপকে রিশাদের অনন্য রেকর্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৫২, ২৫ জুন ২০২৪
দুই সাকিবকে টপকে রিশাদের অনন্য রেকর্ড
রিশাদ হোসেন

আফগানিস্তানের বিপক্ষে লজ্জার হারে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। অথচ ম্যাচটিতে নির্দিষ্ট ওভারের মধ্যে জয় পেলেই সেমির টিকিট পেত টাইগাররা। তবে দলের লজ্জার হারেও অনন্য রেকর্ড গড়েছেন রিশাদ হোসেন।

মঙ্গলবার সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। যেখানে ইব্রাহিম-গুরবাজের ব্যাটে দারুণ শুরু পেয়েছিল তারা। ওপেনিং জুটিতে দুজনে তোলেন ৫৯ রান। এ জন্য তারা খেলেছেন ৬৪ বল।

একটু দেরি হলেও রিশাদ হোসেন ঘূর্ণি জাদুতে ১১তম ওভারে গুরবাজ-ইব্রাহিমের জুটি ভেঙেছে বাংলাদেশ। রান তোলার জন্য রীতিমতো সংগ্রাম করছিলেন তারা। ওই ওভারের চতুর্থ বলে জায়গা বানিয়ে তুলে মেরেছিলেন ইব্রাহিম। লং অফ থেকে নিজের অনেকটা ছুটে গিয়ে ক্যাচ নিয়েছেন তানজিম হাসান সাকিব। ভাঙে ৫৯ রানের ওপেনিং জুটি।

ইব্রাহিমকে ফিরিয়ে অনন্য এক রেকর্ড গড়েছেন রিশাদ। এবারের টি-২০ বিশ্বকাপে ১২ উইকেটে দেশের সবাইকে ছাড়িয়ে যান তিনি। ম্যাচে আরো ২ উইকেট নেন এই লেগি। তাতে সবমিলিয়ে ৭ ম্যাচে ১৪ উইকেট শিকার করেছেন। যা কোনো বাংলাদেশি বোলার হিসেবে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ উইকেটের কীর্তি। 

চলতি আসরের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় চার নম্বরেও আছেন রিশাদ। এর আগে ২০২১ আসরে সর্বোচ্চ ১১ উইকেট শিকার করেন সাকিব আল হাসান। ২০২৪ আসরে তার সমান ১১টি উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিবও।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!