ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

বিশ্বকাপের ফাইনালে কাল মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:০২, ২৮ জুন ২০২৪
বিশ্বকাপের ফাইনালে কাল মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা
ফাইল ছবি

একে একে সাতবার সাদা বলের ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালের দুয়ার থেকে ফিরে আসা। দুঃসহ এই স্মৃতিই এতদিন ছিল দক্ষিণ আফ্রিকার সঙ্গী। যা পেছনে ফেলে অবশেষে আইসিসির মেগা ইভেন্টের ফাইনালের টিকিট পেয়েছে দক্ষিণ আফ্রিকা।

চলমান টি-২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আফগানিস্তানের বিপক্ষে ৯ উইকেটের জয় পেয়েছে তারা। অন্যদিকে ইংল্যান্ডকে দ্বিতীয় সেমিফাইনালে ৬৮ রানে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে ভারত। 

ফাইনালের আগে প্রস্তুতির জন্য খুব একটা সময় পাচ্ছে না রোহিত-মার্করামরা। একদিন পরই নেমে পড়তে হবে শিরোপার লড়াইয়ে। আগামীকাল (শনিবার) ব্রিজটাউনে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল। 

Advertisement

এতদিন বিশ্বকাপের সেমিফাইনাল মানেই ছিল দক্ষিণ আফ্রিকার বিদায়। ওয়ানডে বিশ্বকাপে পাঁচবার ও টি-২০তে দু’বার এমন হওয়াতে ‘চোকার্স’ তকমাও পেয়েছে তারা। অবশেষে সেমির মঞ্চ পেরিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা।

বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে সেমিফাইনালে আফগানিস্তানকে উড়িয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নিয়ে দক্ষিণ আফ্রিকার বোলারদের তোপে পড়ে ১১ দশমিক ৫ ওভারে মাত্র ৫৬ রানে অলআউট হয় আফগানিস্তান। 

বিশ্বকাপের ইতিহাসে সেমিফাইনাল ম্যাচে এর আগে কখনোই কোনো দল এত কম রানে অলআউট হয়নি। ৫৭ রান স্পর্শ করতে ঘাম ঝড়াতে হয়নি দক্ষিণ আফ্রিকাকে। ৬৭ বল বাকি রেখে ১ উইকেট হারিয়ে জয় তুলে নেয় প্রোটিয়ারা।

এদিকে গত টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে হেরে বিদায় নিয়েছিল ভারত। বছর দুয়েক পর সেই হারের ক্ষতে প্রলেপ দিলো রোহিত শর্মার দল। এবার ইংলিশদের বিদায় করে ফাইনালের টিকিট কাটলো টিম ইন্ডিয়া।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭১ রান তুলেছিল ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন রোহিত। জবাবে খেলতে নেমে ১৬ ওভার ৪ বলে ১০৩ রানে অলআউট হয় ইংল্যান্ড।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!