চলতি কোপা আমেরিকা উপলক্ষে হুমায়রা-সাহেলও ফুটবলজ্বরে আক্রান্ত। কলম্বিয়ার বিপক্ষে ফাইনালের আগে তাদের দুজনের রঙ তুলিতে জীবন্ত হয়ে উঠল লিওনেল মেসির জার্সি।
নিজের ফেসবুক আইডিতে দুই সন্তানের আঁকা ছবি পোস্ট করে মাশরাফী লিখেছেন, ‘বছরের পর বছর আমি মনে ধারণ করেছি এই দলটাকে, অবশেষে নিজ চোখে বিশ্বকাপ নিতে দেখেছি। এখন সত্যি দলটা জিতলে ভালো লাগে, তবে ট্রফি না পাওয়ার বা দেখার সেই তাড়না অনুভব হয়না। কেন যেন মনে হয় যা দেখতে চেয়েছি তা তো দেখেই ফেলেছি।’
.png)
মাশরাফীর দুই সন্তানের আঁকা লিওনেল মেসির জার্সি। সাহেল অবশ্য নিজের নামটাই লিখে রেখেছে। ম্যাশ আরো লিখেছেন, ‘এখন আমার সন্তানরা এই দলটাকে মনে প্রাণে ভালোবাসে, এমনকি আজ দুজন দুইটা ছবি একেও জলরং করেছে। আমি ভাবছি ওদের মাথায়ও একই ভূত চেপে বসেছে। এটাকেই সম্ভবত লিগ্যাসি বলে। যদিও ওদের এই দলের ট্রফি জিততে দেখার চাপটা আমাদের জেনারেশনের মতো নাই। তবুও আবেদন থেকেই যাবে যতোদিন না পর্যন্ত প্রিয় বাংলাদেশ বিশ্বকাপ না খেলছে।’
প্রসঙ্গত, আগামী ১৫ জুলাই কোপা আমেরিকার ৪৮তম আসরের ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে কলম্বিয়া। ম্যাচটি হবে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে। আর খেলা শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬টায়।