শ্রীলংকার ডাম্বুলায় নির্ধারিত ২০ ওভারে দুই উইকেটে ১৯১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। টাইগ্রেসদের সর্বোচ্চ সংগ্রহ দুই উইকেটে ২৫৫ রান। যা ২০১৯ সালে মালদ্বীপের বিরুদ্ধে করেছিল বাংলার মেয়েরা।
বাঁচা-মরার ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। দলের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন দিলারা আক্তার ও মুর্শিদা খাতুন। শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকেন তারা।
.png)
উদ্বোধনী জুটিতে ৬৫ রান যোগ করেন দিলারা ও মুর্শিদা। ২০ বলে ৩৩ রানের আক্রমণাত্মক ইনিংস খেলে মাহিরার বলে আউট হন দিলারা। তার জায়গায় নেমে রানের চাকা সচল রাখেন জ্যোতি। অন্যপ্রান্তে স্বাচ্ছন্দ্য ছিলেন মুর্শিদাও।
সাজঘরে ফেরার আগে ৫৯ বলে ৮০ রান করেন মুর্শিদা। তার বিদায়ের পর দলের ইনিংসের বাকিটা টেনে নেন জ্যোতি। তিনি ৩৭ বলে ৬২ রানে অপরাজিত থাকেন। মালয়েশিয়ার হয়ে মাহিরা ও হান্টার একটি করে উইকেট নেন।
'বি' গ্রুপ থেকে পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান তিন নম্বরে। সমান পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে মালয়েশিয়া। তবে নেট রান রেটে বেশ এগিয়ে প্রতিপক্ষরা। তাই এই ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে জয়ের সঙ্গে নজর রাখতে হবে রান রেটের দিকেও।