রশিদকে টানা পাঁচ বলে ৫ ছক্কা হাঁকালেন পোলার্ড
বছর তিনেক আগে এক ওভারে ছয় ছক্কা হাঁকিয়েছিলেন কাইরন পোলার্ড। এটা জানলে মনে হতেই পারে, তার পক্ষে টানা পাঁচ বলে ছয় মারা আর এমনকি! কিন্তু এখানেও যে আছে বিশেষত্ব। এবারের বোলারের নামটা যে রশিদ খান!
রশিদ খানকে টি-২০ ফরম্যাটে সর্বশ্রেষ্ঠ বোলার মানতে অসুবিধা হওয়ার কথা নয় কারো। অনেকে তো তাকে এই ফরম্যাটের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটারই মনে করেন। তাকে ছয় মারাটা চাট্টিখানি কথা নয়। অথচ সেখানে পোলার্ড হাঁকালেন টানা ৫ ছয়।
দ্য হান্ড্রেডে ট্রেন্ট রকেটসের বিপক্ষে এ কীর্তি করেন ওয়েস্ট ইন্ডিজের টি-২০র ফেরিওয়ালা। ১৮তম ওভারে রশিদ খানের বিপক্ষে স্ট্রাইকে ছিলেন সাউদার্ন ব্রেভের পোলার্ড। যেখানে টানা ৫ বল বাউন্ডারি ছাড়া করেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা।
.png)
২৩ বলে পোলার্ড শেষ পর্যন্ত করেন ৪৫ রান, ১ বল বাকি থাকতেই ১২৬ রানের বৈতরণী পার হয়ে তার দল পৌঁছে যায় জয়ের বন্দরে। ২ উইকেটে জিতে সাউদার্ন ব্রেভ। রশিদ ২০ বলে দেন ৪০ রান, পান ১ উইকেটে।
এর আগে ৮ উইকেটে ১২৬ রান করে ট্রেন্ট রকেটস। টম ব্যান্টন ৩০ ও লেউইস গ্রেগরি ১৯ রান করেন। ম্যাচসেরা হন পোলার্ড। ২০২১ সালে পোলার্ডের ৬ ছক্কার শিকার হয়েছিলেন শ্রীলংকার আকিলা ধনঞ্জয়।