ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

লা লিগায় রিয়াল-অ্যাটলেটিকো, ইপিএলে চেলসি-লিভারপুলের জয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:১৩, ২৬ আগস্ট ২০২৪
লা লিগায় রিয়াল-অ্যাটলেটিকো, ইপিএলে চেলসি-লিভারপুলের জয়
এন্ড্রিক

রিয়াল মাদ্রিদের জার্সিতে অভিষিক্ত হলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এন্ড্রিক। স্প্যানিশ জায়ান্টদের ঘরের মাঠে কিলিয়ান এমবাপ্পে প্রথমবার খেলতে নামলেন। ম্যাচটিতে রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে ৩-০ গোলের জয়ের স্বাদ পেল আনচেলত্তির দল। লা লিগার এবারের মৌসুমে এটিই দলটির প্রথম জয়। আরেক খেলায় জিরোনাকে একই ব্যবধানে হারিয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ।

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) ব্রেন্টফোর্ডকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। ননি মাদুকের হ্যাটট্রিকের ম্যাচে উলভারহ্যাম্পটনকে ৬-২ গোলে উড়িয়ে দিয়েছে চেলসি।

সান্তিয়াগো বার্নাব্যুতে রোববার রাতে গোলশূন্য প্রথমার্ধের পর ৫০ মিনিটে ফেদেরিকো ভালভার্দে রিয়ালকে লিড পাইয়ে দেন। ৮৮ মিনিটে ব্রাহিম দিয়াজ ও যোগ করা সময়ের ষষ্ঠ মিনিট বদলি হিসেবে নামা এন্ড্রিক লক্ষ্যভেদ করেন।

Advertisement

সিভিটাস মেট্রোপলিটানোতে ম্যাচের ৩৯ মিনিটে অ্যাথলেটিকোকে এগিয়ে দেন আন্তোনিও গ্রিজম্যান। এরপর ৪৮ মিনিটে মার্কোস লরেন্তে ও যোগ করা সময়ের চতুর্থ মিনিটে কোকে গোলের দেখা পান।

দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে রিয়াল ও অ্যাথলেটিকো। সমান খেলায় ৬ পয়েন্ট পেলেও গোল পার্থক্যে সেল্টা ভিগো শীর্ষে ও বার্সেলোনা দ্বিতীয় অবস্থানে আছে।

এদিকে, ইপিএলে নিজেদের মাঠ অ্যানফিল্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ১৩ মিনিটে লিভারপুলের হয়ে বল জালে জড়ান লুইস দিয়াজ। ৭০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মোহাম্মদ সালাহ।

মলিনাক্স স্টেডিয়ামে দ্বিতীয় মিনিটেই নিকোলাস জ্যাকসন চেলসির হয়ে নিশানাভেদ করেন। ২৭ মিনিটে উলভারহ্যাম্পটনকে সমতায় ফিরিয়েছিলেন ম্যাথিউস কুনহা। প্রথমার্ধের শেষদিকে ৪৫ মিনিটে কোল পালমার বল জালে পাঠিয়ে ব্লুদের এগিয়ে দিলেও যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে উলভারহ্যাম্পটনকে আবারো সমতায় ফেরান জার্গেন স্ট্র্যান্ড লারসেন। দ্বিতীয়ার্ধে চলে চেলসির একক রাজত্ব। মাদুকে ৪৯, ৫৮ ও ৬৩ মিনিটে গোলের মুখ দেখে হ্যাটট্রিক পূরণ করেন। পরে জোয়াও ফেলিক্স ৮০ মিনিটে নিশানাভেদে সক্ষম হন।

লিভারপুল দুই ম্যাচের সবকটি জিতে ৬ পয়েন্ট নিয়েও গোল পার্থক্যে টেবিলের চারে অবস্থান করছে। সমান খেলায় ৬ পয়েন্ট নিয়ে এক, দুই ও তিন নম্বর স্থানে যথাক্রমে ম্যানচেস্টার সিটি, ব্রাইটন ও আর্সেনাল। ৩ পয়েন্ট নিয়ে আট নম্বরে চেলসি।
 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!