ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

প্রেমিকের লাগানো আগুনে পুড়ে নিহত অলিম্পিয়ান অ্যাথলেট 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:৫৫, ৫ সেপ্টেম্বর ২০২৪
প্রেমিকের লাগানো আগুনে পুড়ে নিহত অলিম্পিয়ান অ্যাথলেট 
রেবেকা চেপ্টেগি

উগান্ডার অলিম্পিয়ান অ্যাথলেট রেবেকা চেপ্টেগি তার প্রেমিকের লাগিয়ে নেওয়া আগুনে পুড়ে নিহত হয়েছেন। অগ্নিদগ্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চলতি বছর প্যারিস অলিম্পিকে অংশ নিয়েছিলেন এই ম্যারাথন দৌড়বিদ।

চারদিন চিকিৎসাধীন থাকার পর কেনিয়ার একটি হাসপাতালে রেবেকা মারা যান। উগান্ডার অ্যাথলেটিক্স কর্মকর্তারা বৃহস্পতিবার এ তথ্য জানান। মোই টিচিং অ্যান্ড রেফারেল হাসপাতালের (এমটিআরএইচ) পক্ষ থেকে গণমাধ্যমকে জানিয়েছিল, গত বুধবার রাতে তার শরীরের সব কার্যক্রম আর কাজ করেনি। তার শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। 

কেনিয়া গণমাধ্যম দ্য স্ট্যান্ডার্ড তাদের প্রতিবেদনে জানিয়েছে, রেবেকার মেয়ে তার মায়ের শরীরে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা দেখেছে। মেয়েটি সাক্ষাৎকারে বলেছে, ‘আমি যখন আমার মাকে বাঁচাতে দৌড়ানোর চেষ্টা করছিলাম তখন সে (রেবেকার প্রেমিক) আমাকে লাথি মেরেছিল। আমি দ্রুত সাহায্যের জন্য চিৎকার করেছিলাম। একজন প্রতিবেশীর দৃষ্টি আকর্ষণ করেছিলাম, যিনি পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেছিলেন। কিন্তু তা সম্ভব হয়নি।’ 

Advertisement

পুলিশ জানিয়েছে, রেবেকার প্রেমিক ডিকসন এনডিমা মারাঙ্গাচ গত রোববার পেট্রোল ঢেলে দিয়ে ট্রান্স-এনজোয়ার পশ্চিম কাউন্টির এন্ডেবেসে অবস্থিত বাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় তার শরীরের ৩০ শতাংশ পুড়ে যায়।

উগান্ডা অলিম্পিক কমিটির সভাপতি ডোনাল্ড রুকারে এক্স হ্যান্ডলে দেওয়া পোস্টে লিখেছেন, ‘নিজের প্রেমিকের জঘন্য আক্রমণের পর আমাদের অলিম্পিক অ্যাথলেট রেবেকা চেপ্টেগির দুঃখজনক মৃত্যু সম্পর্কে আমরা জানতে পেরেছি। এটি একটি কাপুরুষোচিত এবং বিবেকহীন কাজ ছিল। এজন্য মহান এক ক্রীড়াবিদকে হারাতে হয়েছে।’ 

এক্স হ্যান্ডলে এক বিবৃতিতে উগান্ডা অ্যাথলেটিক্স ফেডারেশন লিখেছে, ‘আমাদের ক্রীড়াবিদ রেবেকা চেপ্টেগির মৃত্যু ঘোষণা করার জন্য আমরা গভীরভাবে দুঃখিত। তিনি দুঃখজনকভাবে বাড়িতে সহিংসতার শিকার হয়েছিলেন। একটি ফেডারেশন হিসেবে আমরা এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা এবং ন্যায়বিচারের আহ্বান জানাই। তার আত্মা শান্তিতে থাকুক।’

রেবেকা ২০১০ সাল থেকে আইএএফএফ ওয়ার্ল্ড ক্রস কান্ট্রি চ্যাম্পিয়নশিপ, ওয়ার্ল্ড মাউন্টেন এবং ট্রেইল রানিং চ্যাম্পিয়নশিপ এবং ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপসহ বেশ কয়েকটি বিশ্ব চ্যাম্পিয়নশিপে উগান্ডার প্রতিনিধিত্ব করেছেন। তিনি প্যারিস অলিম্পিকে নারীদের ম্যারাথনেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

ডেইলি-বাংলাদেশ/শুভ
ট্যাগ: উগান্ডা
লিংক সফলভাবে কপি হয়েছে!