ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে সাকিব ব্যাটিংয়ে আবারো চেনা ছন্দে ফিরবেন বলে আশাবাদী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। রোববার দলের সঙ্গে দীর্ঘ এক মাসের সফরে দেশ ছাড়ার আগে বিমানবন্দরে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন তিনি আশার বাণী শোনান।
শান্ত বলেন, ‘আগে যা প্রত্যাশা করতাম, তাই করছি। বোলিংয়ে উনার প্রস্তুতি ভালোই হয়েছে। যদিও ব্যাটিংয়ে রান করতে পারেননি। কিন্তু উনার প্রস্তুতি ভালো হয়েছে। এই সিরিজে আশা করি ভালো করবেন।’
.png)
সাকিবকে নিয়ে ভারত সিরিজের দল ঘোষণার দিন বিসিবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের আশার কথা শুনিয়েছিলেন নির্বাচক হান্নান সরকার। তার মতে, সাবেক অধিনায়কের রানে ফেরা শুধুই সময়ের ব্যাপার।
গত বছরের এপ্রিলে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে ৮৭ রানের ইনিংস খেলেন সাকিব। এরপরের পাঁচ ইনিংসে ফিফটির দেখাই তিনি পাননি। চলতি বছরের মার্চে চট্টগ্রাম টেস্টে শ্রীলংকার বিপক্ষে করেছিলেন ১৫ ও ৩৬ রান।
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের সঙ্গে প্রথম টেস্টে ১৫ রানের বেশি তার ব্যাটে আসেনি। পরের টেস্টে প্রথম ইনিংসে মারে ২ রানেই সাজঘরে ফেরেন। দ্বিতীয় ইনিংসে অপরাজিত ২১ রানে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।